চাঁদপুর রেলওয়ে বড় স্টেশনে এক নারীর কাছ থেকে স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই সঙ্গে ১৮ ভরি স্বর্ণালংকার, নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) দুপুরে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া নূর।
পুলিশ জানায়, গত ৫ নভেম্বর ভোরে চাঁদপুর বড় রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে চাঁদপুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঘটনার মূলহোতা মো. জাহিদ হোসেন ওরফে কেলা জাহিদ (২১) ও রাব্বি হোসেনকে (২৪) গ্রেফতার করা হয়।
গ্রেফতার জাহিদ চাঁদপুর শহরের শ্রমিক কলোনির মো. জাহাঙ্গীর হোসেনের ছেলে এবং রাব্বি হোসেন শহরের জামতলা এলাকার আব্দুল মালেক কুড়ালির ছেলে।
পরবর্তী সময়ে ৭ নভেম্বর ভোরে কিশোরগঞ্জ সদর থানার মাইজকান্দি ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মাইজকান্দি গ্রাম থেকে জাহিদ ওরফে গরু জাহিদ (২১) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ছিনতাই হওয়া নগদ ৪৮ হাজার টাকা ও একটি স্মার্টফোন উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গ্রেফতার জাহিদের দেওয়া তথ্যের ভিত্তিতে চাঁদপুর বড় স্টেশন বরফকল ভিআইপি ঘাটের সিঁড়ির নিচে এবং নদীর পন্টুনের সুড়ঙ্গ থেকে স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বলেন, এ ঘটনায় জড়িত তিন আসামিকেই গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা ফাতেমা আক্তার চট্টগ্রাম যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা হয়ে চাঁদপুর স্টেশনে যান। সেখানে ছিনতাইকারীরা তার কাছ থেকে ১৯ ভরি স্বর্ণালংকার, নগদ এক লাখ ২৫ হাজার টাকা ও তিনটি মোবাইল ফোন ছিনিয়ে নেয়।
এ ঘটনায় ভুক্তভোগীর ভাই মেরাজুল ইসলাম বাদী হয়ে চাঁদপুর রেলওয়ে থানায় মামলা করেন। মামলা দায়ের করার পর এ ঘটনার ছায়া তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা শাখাকে দেন পুলিশ সুপার (এসপি) মো. মিজানুর রহমান।