প্রিন্ট তারিখ: ০৮ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

প্রবাসীদের পাশে দুই সৌদি নাগরিক, অপরাধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের ডাক!

মজিব পাটোয়ারী, সৌদি আরব
প্রকাশিত: ৮ নভেম্বর, ২০২৬

সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা, সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ ও মাদকবিরোধী সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন রিয়াদ ব্যবসায়ী ঐক্য পরিষদ ও বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, সৌদি আরবে প্রায় ৪০ লাখ বাংলাদেশি কর্মরত রয়েছেন। তাঁদের উপার্জনের ওপর নির্ভরশীল দেশের অসংখ্য পরিবার। অথচ কিছু অসাধু ব্যক্তির সন্ত্রাসী কর্মকাণ্ড, অপহরণ, হামলা ও মাদক সংশ্লিষ্ট অপরাধের কারণে প্রবাসীদের স্বাভাবিক জীবনযাত্রা ও ব্যবসা-বাণিজ্য হুমকির মুখে পড়ছে। এসব অপরাধের বিরুদ্ধে সবাইকে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তাঁরা।

রবিবার রাতে সৌদি আরবের রাজধানী রিয়াদের আল বাথা এলাকার কমিউনিটি সেন্টারে আয়োজিত এক মতবিনিময় সভায় বক্তারা এসব কথা বলেন।

সভায় বক্তারা আরও বলেন, অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে বর্তমানে অনেক সাধারণ মানুষ আল বাথামুখী হতে নিরুৎসাহিত হচ্ছেন। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা। ব্যবসাপ্রতিষ্ঠানে ক্রেতা কমে যাওয়ায় ব্যবসায়িক পরিবেশেও নেতিবাচক প্রভাব পড়ছে।

তাঁরা অভিযোগ করেন, ইতোমধ্যে এসব অপরাধমূলক কর্মকাণ্ডে একাধিক ব্যক্তি রক্তাক্ত হওয়ার পাশাপাশি হত্যাকাণ্ডের মতো গুরুতর ঘটনাও ঘটেছে। কোনো ব্যবসায়ী বা সাধারণ প্রবাসী যেন এসব অপরাধের শিকার না হন, সে জন্য সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।

বক্তারা বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর কারণে কোনো ব্যবসায়ী ক্ষতিগ্রস্ত হলে বিষয়টি চুপচাপ মেনে না নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে হবে এবং সৌদি আরবের প্রচলিত আইন অনুযায়ী যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।

এ বিষয়ে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে আলোচনা করে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ সুরক্ষায় সম্মিলিত উদ্যোগ নেওয়ার কথাও জানান নেতৃবৃন্দ। অপরাধীদের বিরুদ্ধে আইনসম্মতভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।

উল্লেখ্য, রিয়াদ ব্যবসায়ী ঐক্য পরিষদ সৌদি আরবে প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের স্বার্থ ও সামাজিক কল্যাণে কাজ করা একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। মতবিনিময় সভায় বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের নেতৃবৃন্দ, সাংবাদিক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রবাসী বাংলাদেশিরা বক্তব্য রাখেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন