জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ পৌর ৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সভাপতি ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের
সভাপতি হাজী আকবর হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাশ। অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক আনম মাহবুব এলাহী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর ৪ নাম্বার ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান,অভিভাবক সদস্য হাজী মো. মোস্তফা কামাল,শিক্ষক প্রতিনিধি মো. সোহেল রানা এবং বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. কামরুল আহসান পাটওয়ারী।
আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক প্রেক্ষাপট, ঘটনাপ্রবাহ ও জাতীয় জীবনে এর তাৎপর্য তুলে ধরে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য দেন। এ সময় তাঁরা জাতীয় ঐক্য, দেশপ্রেম, দায়িত্ববোধ, গণতান্ত্রিক মূল্যবোধ এবং ভবিষ্যৎ প্রজন্মের করণীয় বিষয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
বক্তারা বলেন, ইতিহাসচর্চা শুধু অতীতকে জানার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার মানসিকতা গড়ে তোলাও এর অন্যতম উদ্দেশ্য।
তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের মধ্যে ইতিহাস সম্পর্কে সচেতনতা, দেশপ্রেম ও বিশ্লেষণধর্মী চিন্তাভাবনা বিকাশে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।