প্রিন্ট তারিখ: ০৭ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে পাঁচশ রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও দেড়’শ রোগীর অপারেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ নভেম্বর, ২০২৬

ফেমাস স্পেশালাইজড হসপিটাল এন্ড ট্রমা সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মো. ইউনুস উল্যাহ’র ছেলে ওজায়ের ইবনে ইউনুসের জন্মদিন উপলক্ষে চাঁদপুরের হাজীগঞ্জে পাঁচ শতাধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তাদের মধ্যে বাছাইকৃত দেড়’শ রোগীকে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

প্রত্যন্ত অঞ্চলের অস্বচ্ছল মানুষকে চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে আন্ধেরী হেলফি বন জার্মানির সহযোগিতায় এবং মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতাল ব্যবস্থাপনায় শনিবার (৭ নভেম্বর) দিনব্যাপী উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের আহাম্মদপুর গাউছিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ চিকিৎসা সেবা দেওয়া হয়।

মো. ইউনুছ উল্যাহ্ জানান, গত ৯ বছর ধরে বিনামূল্যে এ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। এর ধারাবাহিকতায় এবছরও প্রায় পাঁচ শতাধিক রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। তাদের মধ্যে চোখের ছানি অপারেশনের জন্য বাছাইকৃত দেড় শতাধীকেরও বেশি রোগীকে থাকা-খাওয়া, ঔষধ ও কালো চশমা বিনামূল্যে দেয়া হবে।

আহাম্মদপুর গাউছিয়া নূরানী হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানা পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন সেলিমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের পাবলিক রিলেশন অফিসার মো. আবু জাফর ও হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি খালেকুজ্জামান শামীম।

মো. ইউছুফের উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াতের মধ্য দিয়ে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী এ চিকিৎসা কার্যক্রমে প্রায় চার শতাধিক রোগিকে বিনামূল্যে চশমা ও ঔষধ প্রদান এবং দেড় শতাধিক চোখে ছানি পড়া রোগিকে অপারেশনের জন্য চিহিৃত ও নির্ধারণ করা হয়।

অনুষ্ঠানে সাংবাদিক, মাদ্রাসা পরিচালনা কমিটির অন্যান্য সদস্য, শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং চক্ষু রোগী ও তাদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন