চাঁদপুরে ২৪ জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে ‘আমরা জুলাই যোদ্ধা’ চাঁদপুর জেলা ও হাইমচর উপজেলা শাখা।
সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে হাইমচরের আলগী বাজার বিএনপি কার্যালয় থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে থানারোডের রাস্তার মোড়ে এসে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ ঘটনায় আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের ষড়যন্ত্রের অভিযোগ তুলে বিক্ষোভকারীরা তীব্র প্রতিবাদ জানান। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি নেতা কাউছার ভূঁইয়া, হাইমচর উপজেলা বিএনপি নেতা মোঃ হারুন গাজী, যুবদল নেতা মোঃ জহির মাঝিসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, জুলাইয়ের স্মৃতি ও ইতিহাসের সঙ্গে জড়িত স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত নিন্দনীয়। জুলাইয়ের চেতনা ও স্মৃতিকে মুছে ফেলার যেকোনো অপচেষ্টার বিরুদ্ধে তাঁরা সোচ্চার থাকবেন। এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানান তাঁরা।
বক্তারা আরও বলেন, স্মৃতিস্তম্ভ শুধু একটি স্থাপনা নয়, এটি জুলাইয়ের ইতিহাস ও আত্মত্যাগের স্মারক। তাই এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।