প্রিন্ট তারিখ: ০৬ নভেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

পরিচ্ছন্ন শহর গড়ার প্রত্যয়ে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ডে বিডি ক্লিনের অভিযান

মো. নাঈম হোসেন পলোয়ান
প্রকাশিত: ৬ নভেম্বর, ২০২৬

পরিচ্ছন্ন ও সুন্দর বাংলাদেশ গড়ার লক্ষ্যে চাঁদপুরের ফরিদগঞ্জে জনসচেতনতা সৃষ্টি ও পরিবেশ রক্ষার উদ্যোগ নিয়েছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (৬ নভেম্বর) সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেন সংগঠনটির ফরিদগঞ্জ উপজেলা টিমের সদস্যরা।

‘আমার পরিচ্ছন্ন মানসিকতা দিয়ে পরিচ্ছন্ন রাখব আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশ’—এমন প্রত্যয়কে সামনে রেখে সকাল ৯টায় শুরু হওয়া এ কর্মসূচিতে স্বেচ্ছাসেবীরা বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থানে পড়ে থাকা ময়লা-আবর্জনা সংগ্রহ ও পরিষ্কার করেন। একই সঙ্গে স্থানীয় পরিবেশ পরিচ্ছন্ন রাখার গুরুত্ব তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা তৈরির চেষ্টা করেন তারা।

বিডি ক্লিনের এ উদ্যোগের মূল উদ্দেশ্য শুধু নির্দিষ্ট কোনো স্থান পরিষ্কার করা নয়; বরং মানুষের মধ্যে পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলা এবং পরিবেশের প্রতি দায়িত্ববোধ জাগ্রত করা। যত্রতত্র ময়লা না ফেলা, নির্ধারিত স্থানে বর্জ্য ফেলা এবং নিজ নিজ বাসস্থান ও আশপাশের পরিবেশ পরিচ্ছন্ন রাখার অভ্যাস গড়ে তোলার ওপর গুরুত্ব দেন সংগঠনটির সদস্যরা।

তাদের মতে, একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে শুধু স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগ যথেষ্ট নয়। এ জন্য সমাজের প্রতিটি মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। পরিচ্ছন্নতা কোনো ব্যক্তিগত বিষয় নয়, এটি সম্মিলিত সামাজিক দায়িত্ব।

অভিযান থেকে বিডি ক্লিনের পক্ষ থেকে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানানো হয়—নিজে পরিচ্ছন্ন থাকুন, পরিবারকে সচেতন করুন, যেখানে-সেখানে ময়লা ফেলবেন না এবং পরিচ্ছন্নতার অভ্যাস নিজের ঘর থেকেই শুরু করুন।

ব্যক্তিগত সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে পরিচ্ছন্ন সমাজ এবং সুন্দর বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিডি ক্লিন হাইমচরের উপ-সমন্বয়ক সিয়াম হোসেন, বিডি ক্লিন চাঁদপুরের সমন্বয়ক ও আইটি অ্যান্ড মিডিয়া বিভাগের দায়িত্বপ্রাপ্ত আহমেদ রাশেদ, বিডি ক্লিন চাঁদপুরের উপজেলা সহ-সমন্বয়ক হাবিবুর রহমান, ফরিদগঞ্জ টিমের টিটু হোসেন, মাহবুবে রাব্বানী, সিয়াম, নুসরাত ও মামুন হোসেন নিরবসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।

বিডি ক্লিন ফরিদগঞ্জের প্রত্যাশা—ব্যক্তিগত সচেতনতা থেকে শুরু হোক পরিচ্ছন্নতার আন্দোলন, গড়ে উঠুক সুন্দর ও পরিচ্ছন্ন বাংলাদেশ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন