প্রিন্ট তারিখ: ৩০ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে পল্টন ট্র্যাজেডি দিবসে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাইমচরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৮ অক্টোবর ২০২৬) বিকেল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার উদ্যোগে ‘শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমরা ভুলব না’—এই অঙ্গীকারকে সামনে রেখে কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার আমির মাওলানা আবুল হোসেন, উপজেলা সেক্রেটারি মোহাম্মদ জসীমউদ্দীন বাহার, সহকারী সেক্রেটারি সাদিক জাফর, ৩ নম্বর দক্ষিণ আলগী ইউনিয়ন শাখার আমির মোহাম্মদ হাফিজসহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড শাখার সভাপতি, সেক্রেটারি এবং দলীয় নেতাকর্মীরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে সংঘটিত সহিংসতায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছয়জন নেতাকর্মী শাহাদাতবরণ করেন। ওই দিনের ঘটনা দলের ইতিহাসে এক বেদনাবিধুর ও রক্তস্নাত অধ্যায় হয়ে আছে। শহীদদের আত্মত্যাগ বৃথা যেতে দেওয়া যাবে না। জুলুম, অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে ঈমানি চেতনায় ঐক্যবদ্ধ থেকে ন্যায় ও সত্য প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখতে হবে।

বক্তারা আরও বলেন, ২৮ অক্টোবরের মর্মান্তিক ঘটনা থেকে শিক্ষা নিয়ে দেশে ন্যায়বিচার, শান্তি ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভবিষ্যতে এ ধরনের সহিংসতার পুনরাবৃত্তি রোধে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

আলোচনা সভা শেষে পল্টন ট্র্যাজেডিতে শাহাদাতবরণকারী শহীদদের আত্মার মাগফিরাত, দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে উপস্থিত মুসল্লিরা শহীদদের জন্য জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মর্যাদা এবং দেশের শান্তি ও নিরাপত্তা কামনা করেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন