প্রিন্ট তারিখ: ২৭ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে পুলিশের অভিযানে ১১ কিশোর আটক, পরে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর

মো. জসিম রহমান
প্রকাশিত: ২৭ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরার অভিযোগে পুলিশের অভিযানে ১১ কিশোরকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় হস্তান্তর করা হয়।

সোমবার (২৬ অক্টোবর ২০২৬) হাজীগঞ্জ থানার একাধিক পুলিশ টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়, আটক কিশোরদের থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে রাতে ঘোরাফেরা করার বিষয়ে তারা সন্তোষজনক কোনো কারণ জানাতে পারেনি। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। অভিভাবকরা ভবিষ্যতে তাদের সন্তানরা রাতে অযাচিত ও উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করবে না বলে আশ্বস্ত করলে এবং যাচাই-বাছাইয়ে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় তাদের অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

রাতে অযাচিত ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে কিশোরদের দূরে রাখা এবং তাদের সঠিক পথে ফিরিয়ে আনার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ আরও জানায়, কিশোরদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন