চাঁদপুরের কচুয়ায় বাড়ির পুকুরে সাঁতার কাটতে গিয়ে পানিতে ডুবে জিহাদ মিয়াজী (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ভুঁইয়ারা গ্রামের পশ্চিমপাড়ায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। জিহাদ ওই গ্রামের কোরবান আলীর ছেলে।
তার আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে বাড়ির পুকুরে অন্য শিশুদের সঙ্গে সাঁতার কাটছিল জিহাদ।
একপর্যায়ে পুকুরের এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার সময় পানিতে ডুবে যায় সে। পরে তাকে উদ্ধার করে স্থানীয়ভাবে প্রাথমিক চেষ্টা শেষে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
জিহাদের বাবা কোরবান আলী জানান, সকালে তিনি মাঠে কাজ করতে গিয়েছিলেন। বেলা ১১টার দিকে ছেলের পুকুরে ডুবে যাওয়ার খবর পেয়ে দ্রুত বাড়িতে ছুটে আসেন। তবে ততক্ষণে তার আদরের সন্তানকে হারাতে হয়। সন্তানের এমন আকস্মিক মৃত্যুতে তিনি ও পরিবারের সদস্যরা ভেঙে পড়েন।
স্থানীয়রা জানান, জিহাদ সাঁতার জানত। সকালে পুকুরে সাঁতার কাটার সময় এক পাশ থেকে অন্য পাশে যাওয়ার পথে সে পানিতে ডুবে যায়। এ ঘটনায় সঙ্গে থাকা আরেক শিশুও অসুস্থ হয়ে পড়ে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
জিহাদের মৃত্যুর খবরে বাড়িতে ছুটে আসেন আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা। সন্তানের শোকে মা-বাবার আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। যে শিশুর হাসি-আনন্দে মুখর থাকার কথা ছিল বাড়ির আঙিনা, তার নিথর দেহ ঘিরে এখন স্বজনদের কান্না আর শোকের মাতম। ছোট্ট জিহাদের এমন অকালমৃত্যু মেনে নিতে পারছেন না কেউই।