সুস্থ সংস্কৃতি ও ধর্মীয় চর্চা সমাজে বয়ে আনে আলোর বার্তা সুস্থ ধারার সংস্কৃতি সামাজিক পরিবর্তন ও মানুষের মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এমন মন্তব্য করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি হাজীগঞ্জ উপজেলার শ্রীশ্রী রামকৃষ্ণ সেবাশ্রম ও বলাখাল চৌধুরী বাড়ি পূজামণ্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন। বলাখাল চৌধুরী বাড়ি পূজামণ্ডপে শুভেচ্ছা বক্তব্যে তিনি সুস্থ সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইবনে আল জায়েদ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) মো. ওমর সানী আখন, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাউসার আলম ভূঁইয়া, চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা। বাংলাদেশ জন্মাষ্টমী উদযাপন পরিষদের চাঁদপুর জেলা সভাপতি পরেশ মালাকার, সহ চাঁদপুর জেলার নেতৃবৃন্দ এবং হাজীগঞ্জ পূজা উদযাপনের পৌর শাখার সাধারণ সম্পাদক শ্যামল সাহা, ও হাজীগঞ্জ পূজা উদযাপনের নেতৃবৃন্দরা।
এ ছাড়া উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রুহিদাস বণিক, সাধারণ সম্পাদক সমীর লাল দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক প্রাণকৃষ্ণ সাহা মনা ও সুখেন্দ্র নারায়ণ রায় চৌধুরীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
বলাখাল চৌধুরী বাড়ি পূজামণ্ডপে উপজেলা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক মিলি সাহার তত্ত্বাবধানে বলাখালের খুদে শিল্পীরা নৃত্য ও সংগীত পরিবেশন করে। তাদের মনোমুগ্ধকর পরিবেশনা উপভোগ করেন জেলা প্রশাসক।
পরিদর্শনকালে ধর্মীয় উৎসবের পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার গুরুত্ব তুলে ধরা হয়। সংশ্লিষ্টদের প্রত্যাশা, ধর্মীয় মূল্যবোধ ও সংস্কৃতির সমন্বয়ে হাজীগঞ্জে সম্প্রীতি ও সৌহার্দ্যের পরিবেশ আরও সুদৃঢ় হবে।