প্রিন্ট তারিখ: ২০ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

আলীগঞ্জে দাস বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করলেন জনতার কাউন্সিলর পদপ্রার্থী মোস্তাফিজুর রহমান রাসেল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. মোস্তাফিজুর রহমান রাসেল আলীগঞ্জের দাস বাড়ি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।

সোমবার (১৯ অক্টোবর) রাতে তিনি পূজামণ্ডপে গিয়ে শারদীয় দুর্গোৎসবের সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে মো. মোস্তাফিজুর রহমান রাসেল পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দ, আয়োজক ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় তিনি দুর্গোৎসবের আনন্দ, সৌহার্দ্য ও সম্প্রীতি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশা ব্যক্ত করেন।

রাসেল বলেন, “সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের সমাজের অন্যতম শক্তি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে। একে অপরের ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের মাধ্যমে পারস্পরিক ভালোবাসা, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখতে হবে। শারদীয় দুর্গোৎসব যেন শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদ্‌যাপিত হয়, সে জন্য সবার সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকা এবং ওয়ার্ডের সার্বিক উন্নয়ন ও জনকল্যাণে কাজ করাই তাঁর লক্ষ্য। দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও সুন্দর ওয়ার্ড গড়ে তুলতে তিনি কাজ করতে চান।

পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন আলীগঞ্জ শ্রীশ্রী দুর্গাপূজা উদ্‌যাপন কমিটির সভাপতি অমৃত কুমার দাস, সহসভাপতি স্বপন দেবনাথ, সাধারণ সম্পাদক সুমন চন্দ্র দাস, হারুন আর রশিদ খোকা, আজহারুল ইসলাম, হুমায়ুন মজুমদার ও সিরাজুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন