প্রিন্ট তারিখ: ২০ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের নওহাটা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সভাপতি হলেন প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদার

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের ঐতিহ্যবাহী নওহাটা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার। ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে জারি করা পত্রে তাঁর এ মনোনয়ন অনুমোদন দেওয়া হয়।

প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য সচিব, বাংলাদেশ ওয়াকফ এস্টেট মোতাওয়াল্লী সমিতির সাবেক কেন্দ্রীয় সভাপতি এবং বর্তমানে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্টার কল্যাণ সমিতির কেন্দ্রীয় সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি হাজীগঞ্জ উপজেলার সৈয়দপুর গ্রামের ঐতিহ্যবাহী তালুকদার বাড়ির সন্তান।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. এ. কে. মুহা. নূরুল ইসলাম স্বাক্ষরিত পত্রে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের অনুমোদনক্রমে তাঁকে নওহাটা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে।

দায়িত্বকে আমানত হিসেবে গ্রহণ করেছেন প্রিন্সিপাল নজরুল ইসলাম তালুকদার।

সভাপতি হিসেবে মনোনীত হওয়ার প্রতিক্রিয়ায় প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের মাননীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হকসহ সংশ্লিষ্ট সামাজিক ব্যক্তিবর্গের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান।

তিনি বলেন, “নওহাটা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হিসেবে আমাকে মনোনীত করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এ দায়িত্বকে আমি সম্মান ও আমানত হিসেবে গ্রহণ করছি। মাদ্রাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক ও ধর্মীয় শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে আন্তরিকভাবে কাজ করার চেষ্টা করব। এ ক্ষেত্রে শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করছি।”

তিনি আরও বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে সম্মিলিত প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবার সহযোগিতা ও পরামর্শ নিয়ে নওহাটা ইসলামিয়া ফাযিল মাদ্রাসাকে শিক্ষার মান, শৃঙ্খলা ও সার্বিক পরিবেশের দিক থেকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যাশা রাখি, ইনশাআল্লাহ।”

সাবেক শিক্ষার্থী থেকে গভর্নিং বডির সভাপতি প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার।

নওহাটা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার সঙ্গে নিজের দীর্ঘদিনের সম্পৃক্ততার কথা তুলে ধরে প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার বলেন, “আমি ঐতিহ্যবাহী নওহাটা ইসলামিয়া ফাযিল মাদ্রাসার একজন প্রাক্তন শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করছি।

তিনি ১৯৭৭ সালে মাদ্রাসাটির নির্বাচিত ভিপি হিসেবে দায়িত্ব পালন করেন। এ প্রতিষ্ঠানে প্রথম শ্রেণি থেকে ফাজিল পর্যন্ত অধ্যয়ন করে কৃতিত্বের সঙ্গে তাঁর শিক্ষাজীবন সম্পন্ন করেন। দীর্ঘদিনের স্মৃতি, শিক্ষাজীবনের অভিজ্ঞতা ও প্রতিষ্ঠানের প্রতি ভালোবাসা তাঁর নতুন দায়িত্ব পালনে অনুপ্রেরণা জোগাবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

নওহাটা ইসলামিয়া ফাযিল মাদ্রাসা হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির শিক্ষা কার্যক্রমের অগ্রগতি, শিক্ষার পরিবেশ উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সময়ের অন্যতম দাবি।

নতুন সভাপতির নেতৃত্বে মাদ্রাসাটির শিক্ষা ও অবকাঠামোগত পরিবেশের উন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক মূল্যবোধ গঠন এবং প্রতিষ্ঠানের সার্বিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে বলে প্রত্যাশা করছেন স্থানীয়রা।

প্রিন্সিপাল মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদারের এ মনোনয়নে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। সংশ্লিষ্টরা আশা করছেন, তাঁর অভিজ্ঞতা, দায়িত্বশীল ভূমিকা এবং শিক্ষক-অভিভাবক ও এলাকাবাসীর সম্মিলিত প্রচেষ্টায় ঐতিহ্যবাহী এ শিক্ষাপ্রতিষ্ঠানের অগ্রযাত্রা আরও গতিশীল হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন