প্রিন্ট তারিখ: ১৮ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

প্রতারণা মামলায় হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও বাবা ড. আলমগীর কবির জেলহাজতে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ বড় মসজিদের মোতাওয়াল্লী প্রিন্স শাকিল ও তাঁর বাবা সাবেক মোতাওয়াল্লী আলমগীর কবিরকে প্রতারণার মামলায় কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। রোববার (১৮ অক্টোবর) চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ মুজাহিদুর রহমান এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, সি/ডি/আর মূল (কনস্ট্রাকটিভ ওয়ারেন্ট মূল) সিতার ৬৩৫/২০২৬ নম্বর মামলায় তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়।

মামলার বাদী মো. কবির হোসেন লিটনের অভিযোগ, হাজীগঞ্জের মকিমাবাদ শপিং সেন্টারে দোকান কেনার জন্য তিনি ৪২ লাখ টাকা পরিশোধ করেছিলেন। তবে টাকা নেওয়ার পরও তাঁকে দোকান বুঝিয়ে দেওয়া হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় বাদী আদালতে ৪০৬ ও ৪২০ ধারায় প্রতারণার মামলা দায়ের করেন। মামলায় আসামিপক্ষে শুনানি করেন অ্যাডভোকেট আহসান হাবিব এবং বাদীপক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ সাইফুল মোল্লা।

আদালতে আদেশ ঘোষণার পর বাদী খুশিতে হাততালি দেন। এ ঘটনাকে আদালত অবমাননা হিসেবে বিবেচনা করে বাদীকেও কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে বলে আদালত সূত্রে জানা গেছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন