প্রিন্ট তারিখ: ১৭ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতায় মিসবাহুল উলুম মাদ্রাসার চমক, জেলা পর্যায়ে লড়বে চার শিক্ষার্থী

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৬

নতুন প্রজন্মের মাঝে ইসলামী সংস্কৃতি, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীল প্রতিভা বিকাশের লক্ষ্যে চাঁদপুরের হাইমচরে অনুষ্ঠিত হয়েছে জাতীয় শিশু-কিশোর ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬-এর উপজেলা পর্যায়ের বাছাই পর্ব। এ প্রতিযোগিতায় চমকপ্রদ সাফল্য দেখিয়েছে হাইমচরের মিসবাহুল উলুম মাদ্রাসার শিক্ষার্থীরা। বিভিন্ন বিষয়ে অংশ নিয়ে প্রতিষ্ঠানটির চার শিক্ষার্থী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের যোগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর ২০২৬) ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে হাইমচর উপজেলা মডেল মসজিদ ও ইসলামী সাংস্কৃতিক কেন্দ্রে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিশু-কিশোররা দুটি গ্রুপে ছয়টি বিষয়ে নিজেদের মেধা ও প্রতিভার পরিচয় দেয়। এতে মিসবাহুল উলুম মাদ্রাসা থেকে ছয়টি বিষয়ে মোট ১৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। তাদের মধ্যে চারজন কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে জেলা পর্যায়ে উত্তীর্ণ হয়।

বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে কিরাত প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে জাবের বিন জাকির। একই গ্রুপে রচনা প্রতিযোগিতায় তৃতীয় হয়েছে তাওহীদ বিন গিয়াস উদ্দিন। অন্যদিকে উপস্থিত বক্তৃতায় ‘খ’ গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেছে সাজেদুল ইসলাম এবং তৃতীয় হয়েছে আব্দুল্লাহ বিন মোবারক।

প্রতিযোগিতা শেষে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন হাইমচর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ মাজহারুল ইসলাম শফিক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের হাইমচর উপজেলা ফিল্ড সুপারভাইজার মোহাম্মদ জুলফিকার হাসান মুরাদ।

এদিকে শিক্ষার্থীদের এমন সাফল্যে মিসবাহুল উলুম মাদ্রাসার প্রধান শিক্ষক, শাইখ, ইউসুফ মাদানী ( মদিনা ইউনিভার্সিটি সৌদিআরব) শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ ও উৎসাহের সৃষ্টি হয়েছে। বিজয়ীদের আন্তরিক অভিনন্দন জানিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষ তাদের উত্তরোত্তর সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষের প্রত্যাশা, উপজেলা পর্যায়ের মতো জেলা পর্যায়েও শিক্ষার্থীরা নিজেদের মেধা ও যোগ্যতার পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের সুনাম অক্ষুণ্ণ রাখবে। পাশাপাশি তারা দ্বীনি জ্ঞান অর্জন, উত্তম চরিত্র গঠন ও ইসলামী সংস্কৃতির চর্চার মাধ্যমে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন