প্রিন্ট তারিখ: ১৫ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ১০ মণ ইলিশসহ ২১ জেলে গ্রেপ্তার, ৬ নৌকা জব্দ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ অক্টোবর, ২০২৬
মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর সপ্তম দিনে চাঁদপুরে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করেছে নৌ পুলিশ। এ সময় ১০ মণ ইলিশ মাছ, ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৬টি ইঞ্জিনচালিত নৌকা জব্দ করা হয়। ঘটনায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে ৬টি নিয়মিত মামলা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর সদর নৌ থানা এলাকার নদীপথে পরিচালিত অভিযানের তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজমগীর হোসাইন।

সকাল থেকে দুপুর পর্যন্ত পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমানের নেতৃত্বে এবং চাঁদপুর সদর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আজমগীর হোসাইনের তত্ত্বাবধানে পুলিশের একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে।

অভিযানে নিষিদ্ধ সময়ে মা ইলিশ শিকারে জড়িত থাকার অভিযোগে ২১ জেলেকে গ্রেপ্তার করা হয়। ইলিশ মাছ ধরার কাজে ব্যবহৃত ৬টি ইঞ্জিনচালিত নৌকা ও ১২ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

নৌ পুলিশ সূত্রে জানা গেছে, মা ইলিশ সংরক্ষণ অভিযান শুরুর প্রথম সপ্তাহে চাঁদপুর সদর নৌ থানা-পুলিশ মোট ৫০ কেজি ইলিশ মাছ, ৫৫ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ২০টি নৌকা জব্দ করেছে। এসব ঘটনায় মোট ২৪টি নিয়মিত মামলা করা হয়েছে।

নৌ পুলিশ চাঁদপুর অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান বলেন, ‘মা ইলিশের প্রজনন ও বংশবিস্তার নির্বিঘ্ন রাখা এবং সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের লক্ষ্যে নৌ পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। নিষেধাজ্ঞা কার্যকর করতে নদীপথে নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে।’

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন