প্রিন্ট তারিখ: ১৩ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬

হাজীগঞ্জে ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের নোয়াদ্দা গ্রামে সফিক মেম্বারের বাড়িতে পরিবার ভিত্তিক ডাটা এন্ট্রির মাধ্যমে এ তথ্য সংগ্রহ ও ডাটা এন্ট্রি কার্যক্রমের উদ্বোধন করা হয়।

উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইবনে আল জায়েদ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ডাটা এন্ট্রি কার্যক্রমের উদ্বোধন করেন। এসময় তিনি বলেন, এটি সরকারের একটি অগ্রাধীকারভিত্তিক প্রকল্প। এই প্রকল্প বাস্তবায়নে সবাইকে নির্ভুল তথ্য দিতে হবে।

তিনি বলেন, আগে কার্ড ও সুবিধা পাওয়ার জন্য স্থানীয়ভাবে অনেকেই তদবির শুরু করেছেন বলে জানতে পেরেছি। তবে আপনাদের মাধ্যমে সবাইকে জানাচ্ছি যে, এখানে কোন ধরনের তদবির বা লেনদেন করার সুযোগ নেই। সবাই ফ্যামিলি কার্ডের সুবিধা পাবেন এবং আপনাদের দেওয়া তথ্যে সিস্টেমেটিকভাবে এই সুবিধা ভোগ করতে পারবেন।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ফ্যামিলি কার্ডের জন্য কোনো অর্থ লেনদেনের প্রয়োজন নেই। কেউ টাকা দাবি করলে আমাকে অথবা ইউএনও মহোদয় কিংবা জাতীয় জরুরি সেবা নম্বর ১০৯৮- এ অভিযোগ জানাতে পারেন। আমরা অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।

তিনি আরো বলেন, তথ্য সংগ্রহের সময় যিনি ফ্যামিলি কার্ড পাবেন তার জাতীয় পরিচয়পত্র, একটি মুঠোফোন (মোবাইল) নম্বর, পরিবারের সকল সদস্যের জাতীয় পরিচয়পত্র এবং যাদের পরিচয়পত্র নেই, তাদের জন্মসনদ অবশ্যই থাকতে হবে। তাই, যাদের প্রয়োজনীয় কাগজপত্র নেই, তারা এখনি সংগ্রহে রাখুন।

এসময় আরো বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, বড়কুল পূর্ব ইউনিয়ন বিএনপির সভাপতি মো. ইমাম হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন ওয়ার্ডের সদস্য এবং ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজাররা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, এর আগে গত সোমবার (১২ অক্টোবর) দুপুরে জাতীয় পর্যায়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী একযোগে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়। একই সময়ে টেলিকনফারেন্সে সংযুক্ত থেকে দেশব্যাপী কার্যক্রমের অংশ হিসেবে হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ও হাটিলা পূর্ব ইউনিয়নে এ কার্যক্রম শুরু হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন