প্রিন্ট তারিখ: ১৩ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে মা ইলিশ রক্ষায় কঠোর অভিযান, ২৮ জেলে আটক: ২৪ জনের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ উপলক্ষে মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২৮ জেলেকে আটক করা হয়েছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) পরিচালিত এ অভিযানে আটক ২৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে। অপর চারজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

অভিযানে প্রায় ১ লাখ ১০ হাজার মিটার নিষিদ্ধ জাল ও ছয়টি মাছ ধরার নৌকা জব্দ করা হয়েছে। জব্দকৃত নৌকাগুলো কোস্টগার্ডের হেফাজতে রাখা হয়েছে। এ ছাড়া নৌকাগুলো থেকে উদ্ধার করা মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে সরকারের ঘোষিত ২২ দিনের নিষেধাজ্ঞা কার্যকর করার লক্ষ্যে হাইমচরের মেঘনা নদীতে প্রশাসনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, মা ইলিশ রক্ষায় আইন প্রয়োগ করতে গিয়ে জেলেদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হওয়ায় তাঁর খুবই খারাপ লাগছে। তবে দেশের মৎস্যসম্পদ সংরক্ষণ ও সরকারি নিষেধাজ্ঞা বাস্তবায়নের স্বার্থে প্রশাসনকে দায়িত্ব পালন করতে হচ্ছে।

তিনি হাইমচরের সর্বস্তরের জনগণ, বিশেষ করে জেলে সম্প্রদায়কে আরও সচেতন হওয়ার আহ্বান জানান। মা ইলিশ সংরক্ষণে সরকারি নির্দেশনা মেনে চলার পাশাপাশি নিষেধাজ্ঞাকালীন নদীতে মাছ আহরণ থেকে বিরত থাকার অনুরোধ জানান তিনি।

উল্লেখ্য, মা ইলিশের প্রজনন মৌসুমে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় নিষিদ্ধ রয়েছে।

মা ইলিশ রক্ষায় প্রশাসনের কঠোর অবস্থানের পাশাপাশি জেলে সম্প্রদায়ের সচেতনতা ও সম্মিলিত সহযোগিতাই পারে দেশের মূল্যবান মৎস্যসম্পদ ইলিশের উৎপাদন বৃদ্ধি করতে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন