প্রিন্ট তারিখ: ১২ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে জেলেদের বরাদ্দের ৫ টন চাল বিক্রির অভিযোগে প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৬

চাঁদপুর সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নে জেলেদের জন্য বরাদ্দকৃত সরকারি চাল চুরি করে বিক্রির অভিযোগে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

সোমবার (১২ অক্টোবর ২০২৬) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

জেলা প্রশাসক জানান, জেলেদের জন্য বরাদ্দকৃত ১১ দশমিক ২৫ টন চালের মধ্যে প্রায় ৫ টন চাল অবৈধভাবে বিক্রির অভিযোগ ওঠে। রোববার চাল জব্দের পর রাতেই সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তা গোলাম মোস্তফা শামীমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তিন সদস্যের তদন্ত কমিটি তাঁকে জিজ্ঞাসাবাদ করে।

তিনি আরও জানান, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁর বিরুদ্ধে বিভাগীয় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তবে শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ায় বর্তমানে তাঁকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এর আগে রোববার (১১ অক্টোবর২০২৬) গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম অভিযান পরিচালনা করেন। এ সময় একটি মিনি ট্রাকে করে নিয়ে যাওয়ার সময় ৪ হাজার ৯৩০ কেজি, অর্থাৎ প্রায় ৫ টন সরকারি চাল জব্দ করা হয়।

জব্দকৃত চাল পরবর্তী সময়ে চাঁদপুরের সিএসডি গোডাউনে সংরক্ষণ করা হয়েছে।

জেলেদের খাদ্যসহায়তার জন্য বরাদ্দকৃত সরকারি চাল বিক্রির এ অভিযোগের ঘটনায় প্রশাসনিক তদন্তের পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন