প্রিন্ট তারিখ: ১১ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব বাজার বণিক সমিতির নির্বাচনে বিশাল ব্যবধানে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকিরের নিরস্কুশ জয়

মো. ফয়সাল খন্দকার
প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ঐতিহ্যবাহী বাণিজ্য কেন্দ্র ‘মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতি’-র নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে প্রচার সম্পাদক পদে বিজয়ী হয়েছেন সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির।

নির্বাচনে টেলিফোন প্রতীক নিয়ে সাংবাদিক রেদওয়ান আহমেদ জাকির লাভ করেছেন ৮৫৬ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাংবাদিক মাহফুজ মল্লিক পেয়েছেন ২৮১ ভোট।

ফলে ৫৭৫ ভোটের বড় ব্যবধানে জয়লাভ করে প্রচার সম্পাদক পদে নির্বাচিত হন রেদয়ান আহমেদ জাকির।

ভোটগ্রহণ শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম। পরে বিজয়ী সাংবাদিক রেদয়ান আহমেদ জাকিরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান স্থানীয় ব্যবসায়ী, ভোটার এবং তাঁর শুভাকাঙ্ক্ষীরা।

এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নবনির্বাচিত প্রচার সম্পাদক সাংবাদিক রেদোয়ান আহমেদ জাকির সাধারণ ব্যবসায়ী ও ভোটারদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “ব্যবসায়ীদের অধিকার রক্ষা, বাজারের সার্বিক উন্নয়ন এবং বণিক সমিতির ভাবমূর্তি উজ্জ্বল করতে আমি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করব। ব্যবসায়ীদের সুখ-দুঃখে পাশে থাকাই হবে আমার মূল লক্ষ্য।”

উল্লেখ্য, অত্যন্ত উৎসবমুখর ও শান্তিপূর্ন পরিবেশে ১০ অক্টোবর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে মতলব জেবি পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সমিতির ১ হাজার ৩২০ জন ভোটারের অংশগ্রহণে আগামী দুই বছরের মেয়াদে এই নতুন কমিটি নির্বাচিত হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন