শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিত করা, পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং ঝরে পড়া রোধের লক্ষ্যে চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন রান্ধুনীমুড়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১১ অক্টোবর) বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সমাবেশে শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষানুরাগী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব ও স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. এমরান হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে মো. এমরান হোসেন বলেন, “শিক্ষার্থীদের ভবিষ্যৎ গড়ে তুলতে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু পরীক্ষায় ভালো ফলাফল অর্জনই শিক্ষার মূল লক্ষ্য নয়; শিক্ষার্থীদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। এ জন্য শিক্ষার গুণগত মান নিশ্চিত করার পাশাপাশি শিক্ষক, অভিভাবক ও স্থানীয় জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের শতভাগ পাসের লক্ষ্য অর্জনে সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। কোনো শিক্ষকের গাফিলতির কারণে শিক্ষার্থীরা পরীক্ষায় অকৃতকার্য হলে তা বরদাশত করা হবে না বলেও তিনি উল্লেখ করেন। পাশাপাশি শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার এবং অভিভাবকদের সন্তানদের নিয়মিত পড়াশোনা ও বিদ্যালয়ে উপস্থিতির বিষয়ে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানান তিনি।
বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শাহ জামালের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন সিনিয়র শিক্ষক মো. মিজানুর রহমান, মো. বোরহান উদ্দিন ও সহকারী শিক্ষক মো. আল আমিন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিদ্যালয়ের অভিভাবক সদস্য ও পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সহসভাপতি ও অভিভাবক কামরুজ্জামান মানিক হাজী, ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. বশির আহমেদ, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য ও পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউছুফ মজুমদার এবং বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. সোহেল রানা।
বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি এবং ঝরে পড়া রোধে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল হওয়ার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নয়ন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল অর্জন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিতে শিক্ষক-কর্মচারীদের আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন,বিদ্যালয় সিনিয়র শিক্ষক মো.ফজলুর রহমান,হাজীগঞ্জ পৌরসভার ১০ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. খোরশেদ আলম, সহসাংগঠনিক সম্পাদক মো. আজাদ জমদ্দার, ১১ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক ইয়াছিন খন্দকার, বিদ্যালয়ের সাবেক অভিভাবক সদস্য মো. মজিবুর রহমান, ১০ নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম জহির, হাজীগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রদলের সদস্যসচিব মো. ইমরান হোসেন সৈকতসহ বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকরা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল মান্নান মিয়ার রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।