চাঁদপুরের হাজীগঞ্জে থানা পুলিশের একাধিক টিমের বিশেষ অভিযানে ১৪ কিশোরকে আটক করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় এবং অভিভাবকদের জিম্মায় সংশোধনের শর্তে তাদের ছেড়ে দেওয়া হয়।
শনিবার (১০ অক্টোবর ২০২৬) হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে থানার একাধিক টিম উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানে রাতের বেলায় বিভিন্ন এলাকায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১৪ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়। জিজ্ঞাসাবাদে তারা রাতে ঘোরাফেরা করার বিষয়ে সন্তোষজনক কোনো ব্যাখ্যা দিতে পারেনি।
পরবর্তীতে আটক কিশোরদের অভিভাবকদের থানায় ডেকে আনা হয়। অভিভাবকেরা তাদের সন্তানদের ভবিষ্যতে রাতের বেলায় অযাচিতভাবে ঘোরাফেরা না করার বিষয়ে আশ্বস্ত করলে এবং থানার রেকর্ডপত্র ও সিডিএমএস যাচাই করে তাদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
পুলিশ জানায়, কিশোরদের রাতের বেলায় অযাচিত ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। কিশোরদের সুরক্ষা, সচেতনতা বৃদ্ধি ও অপরাধপ্রবণতা রোধে হাজীগঞ্জ থানা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।