প্রিন্ট তারিখ: ১০ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে দুর্গাপূজার ডিও বিতরণ, অপ্রীতিকর ঘটনা ঘটলে ছাড় নয়: এমপি মানিক

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাইমচরে আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ উদযাপন উপলক্ষে পূজামণ্ডপগুলোর অনুকূলে সরকারি সহায়তার ডিও (ডিমান্ড অবলিগেশন) বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তন ‘পদ্মজলে’ এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। তিনি বলেন, “শারদীয় দুর্গাপূজা শুধু হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালির ঐতিহ্য ও সম্প্রীতিরও প্রতীক। বাংলাদেশে সব ধর্মের মানুষের সমান অধিকার রয়েছে। ধর্ম যার যার, রাষ্ট্র সবার—এই চেতনা ধারণ করে সবাইকে মিলেমিশে বসবাস করতে হবে।”

দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটলে অপরাধীদের ছাড় দেওয়া হবে না বলে কঠোর বার্তা দেন সংসদ সদস্য। তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশে সব ধর্মের মানুষ স্বাধীনভাবে নিজ নিজ ধর্মীয় আচার-অনুষ্ঠান পালন করবেন, এটাই আমাদের প্রত্যাশা। ধর্মীয় সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে সতর্ক থাকতে হবে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং ভক্ত ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, স্থানীয় জনপ্রতিনিধি, পূজা উদযাপন কমিটি ও রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, উসকানি কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে আগাম প্রস্তুতি গ্রহণের ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

শেখ ফরিদ আহম্মেদ মানিক বলেন, হাইমচরের মানুষ দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সৌহার্দ্যের সঙ্গে বসবাস করে আসছেন। এ ঐতিহ্য ধরে রেখে আসন্ন দুর্গাপূজা আনন্দঘন পরিবেশে উদযাপন করতে হবে। উৎসবের আনন্দ যেন সবার ঘরে পৌঁছে যায়, সে জন্য সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

পূজামণ্ডপগুলোর অনুকূলে সরকারি সহায়তার বিষয়ে তিনি বলেন, ধর্মীয় উৎসব সুষ্ঠু ও সুন্দরভাবে উদযাপনের জন্য সরকার প্রয়োজনীয় সহযোগিতা দিয়ে থাকে। বরাদ্দ যথাযথভাবে কাজে লাগিয়ে পূজামণ্ডপগুলোর আয়োজন সম্পন্ন করতে হবে। একই সঙ্গে উৎসবের পবিত্রতা, শৃঙ্খলা ও সৌহার্দ্য বজায় রাখতে সবাইকে সচেতন থাকতে হবে।

হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন হাইমচর উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক অজয় কৃষ্ণ মজুমদার এবং কমলাপুর দুর্গাপূজা মণ্ডপের প্রতিনিধি শংকর ঘোষ।

এ সময় উপস্থিত ছিলেন হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহ আলম, জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, হাইমচর উপজেলা বিএনপির সভাপতি আমিন উল্লাহ বেপারী, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সফিকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, উপজেলার ছয়টি দুর্গাপূজা মণ্ডপের নেতৃবৃন্দ এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন