চাঁদপুরের হাইমচর উপজেলায় শিক্ষার মানোন্নয়নে করণীয় নির্ধারণের লক্ষ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধানদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় শিক্ষার গুণগত মান বৃদ্ধি, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক অগ্রগতির বিষয়ে আলোচনা করা হয়।
দুর্গাপুর হাইস্কুলের হলরুমে( ১০ অক্টোবর রোজ শনিবার) অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ (মানিক) । সভায় সভাপতিত্ব করেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।
সভায় উপজেলা শিক্ষা কর্মকর্তা, বিভিন্ন শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক, স্থানীয় বিএনপির নেতাকর্মী এবং উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকারা অংশগ্রহণ করেন।
সভায় হাইমচর উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষার মান উন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা, ঝরে পড়া রোধ, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষাপ্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে করণীয় নিয়ে আলোচনা হয়।
এ সময় শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি ও প্রতিষ্ঠানপ্রধানদের মধ্যে সমন্বয় জোরদার, শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে প্রাথমিক বিদ্যালয়গুলোতে, শিক্ষক সংকটের বিষয়টি তুলে ধরে দ্রুত তা সমাধানের জোর দাবি জানানো হয়। শিক্ষক সংকটের কারণে পাঠদান ব্যাহত হচ্ছে উল্লেখ করে শূন্য পদে দ্রুত শিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। উপজেলার শিক্ষা খাতের বিদ্যমান অন্যান্য সমস্যা চিহ্নিত করে সমাধানে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় অংশগ্রহণকারীরা শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষক সংকট নিরসনে তাঁদের মতামত ও প্রস্তাব তুলে ধরেন। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ মতবিনিময় সভার মাধ্যমে হাইমচর উপজেলার শিক্ষাব্যবস্থার উন্নয়ন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় শিক্ষক নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানে কার্যকর পদক্ষেপ গ্রহণের পথ সুগম হবে।