চাঁদপুরের হাইমচর উপজেলা ছাত্রদলের আংশিক কমিটি ঘোষণাকে কেন্দ্র করে বিক্ষোভ ও প্রতিবাদ হয়েছে। গত ৭ অক্টোবর বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চাঁদপুর জেলা শাখার অধীনে হাইমচর উপজেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়।
ঘোষিত কমিটিতে তানভীর গাজীকে সভাপতি এবং রাসেল মিয়াকে সাধারণ সম্পাদক করা হয়েছে। কমিটির অন্যান্য পদে রয়েছেন সিনিয়র সহ-সভাপতি মো. রুবেল দেওয়ান, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক গোলাম রব্বানী শামীম এবং যুগ্ম-সাধারণ সম্পাদক খাদিজা আক্তার।
চাঁদপুর জেলা ছাত্রদলের প্যাডে প্রকাশিত বিজ্ঞপ্তিতে নবগঠিত কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে জেলা ছাত্রদলের সংশ্লিষ্ট নেতৃবৃন্দের স্বাক্ষর রয়েছে।
এদিকে নতুন কমিটি ঘোষণার পর বুধবার রাতে হাইমচর উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি প্রার্থী মিল্লাত মাঝির পক্ষে নেতাকর্মীরা কমিটির বিরুদ্ধে প্রতিবাদ ও বিক্ষোভ করেন। এ সময় আলগী বাজার সদরের প্রধান সড়কে টায়ারে আগুন জ্বালিয়ে প্রতিবাদী স্লোগান দেন তারা।
বিক্ষোভকারীরা কিছুক্ষণ সড়কে অবস্থান করে ঘোষিত কমিটি বাতিলের দাবিতে বিভিন্ন স্লোগান দেন। পরে তারা আলগী বাজারের বিভিন্ন গলি প্রদক্ষিণ করে বিক্ষোভ কর্মসূচি শেষ করেন।
বিক্ষোভকারীদের দাবি, ঘোষিত কমিটি নিয়ে তাদের মধ্যে অসন্তোষ রয়েছে। তারা বিষয়টি পুনর্বিবেচনার দাবি জানান।
অন্যদিকে সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন কমিটি ঘোষণার মধ্য দিয়ে হাইমচর উপজেলা ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে।