প্রিন্ট তারিখ: ০৭ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে ৫ কিশোর আটক, অভিভাবকের জিম্মায় মুক্তি

শাহরাস্তি প্রতিনিধি
প্রকাশিত: ৮ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের শাহরাস্তিতে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে পাঁচ কিশোরকে আটক করেছে পুলিশ।

পরে তাদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে বিরূপ কোনো তথ্য না পাওয়ায় প্রথমবারের মতো সংশোধনের সুযোগ হিসেবে অভিভাবকদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাতে শাহরাস্তি থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, রাতে বিভিন্ন এলাকায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার সময় পাঁচ কিশোরকে থানায় নিয়ে আসা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলে রাতে ঘোরাফেরার কারণ সম্পর্কে তারা সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেনি।

পরে আটক কিশোরদের অভিভাবকেরা থানায় উপস্থিত হন। তারা ভবিষ্যতে পড়াশোনা বাদ দিয়ে রাতে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা না করার বিষয়ে আশ্বস্ত করেন। এ সময় পুলিশ অভিভাবকদের সন্তানদের চলাফেরা ও পড়াশোনার বিষয়ে সতর্ক নজর রাখার পরামর্শ দেয়।

পুলিশ আরও জানায়, আটক কিশোরদের বিষয়ে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে তাদের বিরুদ্ধে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। এ কারণে প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকদের জিম্মায় তাদের দেওয়া হয়।

শাহরাস্তি থানা পুলিশ বলছে, কিশোরদের রাতে অযাচিতভাবে ঘোরাফেরা, মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার উদ্দেশ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে পুলিশ।

পুলিশের এ অভিযানের পাশাপাশি কিশোরদের নিরাপদ পরিবেশে রাখা, নিয়মিত পড়াশোনায় মনোযোগী করা এবং তাদের চলাফেরার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন