প্রিন্ট তারিখ: ০৫ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবসে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

শান্তু ধর
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬

‘শিক্ষকদের পাশে দাঁড়ানো: পেশা সুরক্ষা, মর্যাদা বৃদ্ধি এবং আমাদের ভবিষ্যৎ বিনির্মাণের ৬০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের কচুয়ায় বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের আয়োজনে যথাযথ মর্যাদায় দিবসটি পালন করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত বর্ণাঢ্য র‍্যালিটি উপজেলা পরিষদ এলাকা থেকে বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সাচার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মো. নওশের আলমের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার অমিত রায়, কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক মো. শাহজালাল প্রধান, কচুয়া উত্তর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইউসুফ মিয়াজী, পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. বজলুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আমিন উল্যাহ, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো. আতাউল করিমসহ গুণী শিক্ষকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী আশরাফ।

বক্তারা শিক্ষকদের পেশাগত মর্যাদা, নিরাপদ কর্মপরিবেশ, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্ম গঠনে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি শিক্ষক সমাজের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার বিষয়েও গুরুত্বারোপ করা হয়।

আলোচনা সভা শেষে অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপজেলা একাডেমিক সুপারভাইজার সোহেল রানার সঞ্চালনায় উপজেলার ৮ জন গুণী শিক্ষককে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কচুয়া পৌরসভা বিএনপি’র সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক মো: আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন