প্রিন্ট তারিখ: ০৫ অক্টোবর, ২০২৬
Chandpur Tribune Logo

শিক্ষকতা পেশা নয়, প্রজন্ম গড়ার মহান দায়িত্ব—শিক্ষক নেতৃবৃন্দ

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ৫ অক্টোবর, ২০২৬

চাঁদপুরের হাইমচরে নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে আলগী বাজার সদরের বিভিন্ন সড়ক ও জনপদে র‍্যালি বের করা হয়।

র‍্যালিতে অংশ নেন হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নজরুল ইসলাম, উপজেলা বিএনপির সেক্রেটারি মাজহারুল ইসলাম সফিক পাটোয়ারী, উপজেলা শিক্ষা কর্মকর্তা (উচ্চমাধ্যমিক) মোস্তফা কামাল, প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা।

র‍্যালিটি আলগী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এ সময় শিক্ষকতার মর্যাদা, শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তোলার গুরুত্ব তুলে ধরা হয়।
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে হাইমচরের ঐতিহ্যবাহী নীলকমল ওছমানিয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ ফারুকুল ইসলাম তাঁর ব্যক্তিগত ফেসবুক স্ট্যাটাসে শিক্ষকদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, “শিক্ষকতা শুধু একটি পেশা নয়; এটি একটি মহান দায়িত্ব, একটি অঙ্গীকার এবং প্রজন্ম গড়ার পবিত্র ব্রত।”

তিনি বলেন, একজন শিক্ষক তাঁর জ্ঞান, আদর্শ, ভালোবাসা ও শাসনের মাধ্যমে শিক্ষার্থীকে শুধু ভালো ফলাফল অর্জনে নয়, একজন ভালো মানুষ হিসেবেও গড়ে তুলতে কাজ করেন। শিক্ষার্থীর সাফল্য, মুখের হাসি ও সুন্দর ভবিষ্যৎই একজন শিক্ষকের পরিশ্রমের সবচেয়ে বড় স্বীকৃতি।

তিনি বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষক-শিক্ষিকা, সহকর্মী ও শিক্ষার্থীদের শুভেচ্ছা জানান এবং নিজের জীবনের শ্রদ্ধেয় শিক্ষকদের শ্রদ্ধাভরে স্মরণ করেন।

এ সময় তিনি এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যেখানে জ্ঞানার্জনের পাশাপাশি নৈতিকতা, মানবিকতা ও দেশপ্রেমের বিকাশ ঘটবে।

দিবসটি উপলক্ষে শিক্ষক সমাজের মর্যাদা রক্ষা, শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন