প্রিন্ট তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

কচুয়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ৯টি বসতঘর পুড়ে ছাই, ক্ষয়ক্ষতি প্রায় ২০ লাখ টাকা

শান্তু ধর
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের কচুয়া উপজেলার ৯নং কড়ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের জাহাজী বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে তিন পরিবারের নয়টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলবার মধ্যরাতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা হলেন—ওই বাড়ির মকবুল হোসেন, কামাল হোসেন ও নুরে আলম। আগুনে বসতঘরসহ ঘরে থাকা আসবাবপত্র, প্রয়োজনীয় সামগ্রী, স্বর্ণালংকার ও নগদ টাকা পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, অগ্নিকাণ্ডে তাদের প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে হঠাৎ একটি ঘরে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় নয়টি বসতঘর ও ঘরের মালামাল পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম ও কড়ইয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম সওদাগর। তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাদের পাশে থাকার পাশাপাশি প্রয়োজনীয় আর্থিক সহায়তার আশ্বাস দেন।
আগুনে বসতঘর ও প্রয়োজনীয় মালামাল হারিয়ে ক্ষতিগ্রস্ত তিন পরিবার বর্তমানে চরম দুর্ভোগে পড়েছেন। তারা সরকারি ও স্থানীয়ভাবে সহযোগিতার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন