প্রিন্ট তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের রাজারগাঁওয়ে দ্বিতীয়বার চেয়ারম্যান হিসেবে মফিজুর রহমানকে চান ইউনিয়নবাসী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১ নং রাজারগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান মো. মফিজুর রহমানকে ঘিরে ইউনিয়নজুড়ে নতুন করে আলোচনা দেখা দিয়েছে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে নিয়মিত যোগাযোগ,নাগরিক সমস্যা সমাধানে সহযোগিতা এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ততার কারণে তাকে দ্বিতীয়বার চেয়ারম্যান হিসেবে দেখতে আগ্রহ প্রকাশ করছেন ইউনিয়নবাসী।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে,চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের সময়ে ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ রাখার চেষ্টা করেছেন মো. মফিজুর রহমান। প্রত্যন্ত এলাকার মানুষের সমস্যা শোনা,নাগরিক সেবা পেতে সহযোগিতা করা এবং সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে অংশ নেওয়ার কারণে স্থানীয়দের সঙ্গে তার একটি যোগাযোগ তৈরি হয়েছে বলে জানান তারা।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, চেয়ারম্যান মফিজুর রহমান সাধারণ মানুষের সঙ্গে সহজভাবে মিশে তাদের কথা শোনেন। প্রয়োজনের সময় নাগরিকদের পাশে থাকার চেষ্টা করেন। তরুণ, ব্যবসায়ী, কৃষক, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তার নিয়মিত যোগাযোগ রয়েছে বলেও তারা জানান।

তাদের মতে, রাজারগাঁও ইউনিয়নের উন্নয়নে রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থা, নাগরিক সেবা, শিক্ষা,সামাজিক নিরাপত্তা এবং অসহায় মানুষের সহযোগিতার বিষয়গুলোতে আরও কার্যকর উদ্যোগ প্রয়োজন। এসব ক্ষেত্রে বর্তমান চেয়ারম্যানের সঙ্গে যে যোগাযোগ তৈরি হয়েছে,তা অব্যাহত রাখার প্রত্যাশা রয়েছে তাদের।

চেয়ারম্যান মো. মফিজুর রহমান বলেন, “জনপ্রতিনিধি হিসেবে আমার কাছে সবচেয়ে বড় দায়িত্ব হলো জনগণের কথা মনোযোগ দিয়ে শোনা এবং তাদের প্রয়োজনের সময় পাশে থাকার চেষ্টা করা। জনগণ আমাকে যে দায়িত্ব দিয়েছেন,আমি সেটিকে দায়িত্বের পাশাপাশি একটি আমানত হিসেবে দেখি। এই দায়িত্ব পালনে ইউনিয়নের মানুষের সহযোগিতা ও পরামর্শকে সবসময় গুরুত্ব দিয়েছি।”

তিনি বলেন, “রাজারগাঁও ইউনিয়ন একটি বড় ও গুরুত্বপূর্ণ ইউনিয়ন। এখানে অনেক সম্ভাবনা রয়েছে, একই সঙ্গে মানুষের বিভিন্ন ধরনের সমস্যাও রয়েছে। নাগরিক সেবা সহজ করা, রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন,শিক্ষা ও সামাজিক পরিবেশের উন্নয়ন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো—এসব বিষয়কে আমি গুরুত্ব দিয়ে দেখি। সীমাবদ্ধতার মধ্যেও ইউনিয়নবাসীর প্রত্যাশা পূরণে কাজ করে যাওয়ার চেষ্টা করছি।”

মফিজুর রহমান আরও বলেন, “একজন চেয়ারম্যান একা কোনো এলাকার উন্নয়ন করতে পারেন না। ইউনিয়নের উন্নয়নের জন্য জনগণের সহযোগিতা,পরিষদের সদস্যদের সমন্বয় এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারি বিভিন্ন দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে ইউনিয়নের প্রয়োজনীয় উন্নয়ন ও নাগরিক সেবা নিশ্চিত করার জন্য কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও করে যেতে চাই।”

তিনি বলেন, “উন্নয়ন বলতে শুধু রাস্তাঘাট, কালভার্ট বা অবকাঠামো নির্মাণকে বোঝায় না। একজন সাধারণ মানুষ যেন ইউনিয়ন পরিষদে এসে সহজে সেবা পান,অসহায় মানুষ যেন প্রয়োজনের সময় সহযোগিতা পান,সামাজিক সম্প্রীতি বজায় থাকে এবং তরুণ প্রজন্ম যেন ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে যুক্ত হতে পারে—এসব বিষয়ও উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ।”

দ্বিতীয়বার চেয়ারম্যান হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন,“আমি সবসময় জনগণের সিদ্ধান্তকে সম্মান করি। ইউনিয়নবাসী যদি মনে করেন,তাদের পাশে থেকে কাজ করার সুযোগ আমার আরও পাওয়া উচিত,তাহলে সেটি আমার জন্য বড় একটি দায়িত্ব ও সম্মানের বিষয় হবে। ভবিষ্যতেও রাজারগাঁও ইউনিয়নের মানুষের সঙ্গে থেকে তাদের সমস্যা ও প্রত্যাশা অনুযায়ী কাজ করতে চাই। এজন্য ইউনিয়নবাসীর দোয়া, সহযোগিতা ও পরামর্শ কামনা করছি।”

তিনি আরও বলেন,“রাজারগাঁও ইউনিয়নকে আরও সুন্দর, উন্নত, আধুনিক ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে ইউনিয়নের মানুষের কল্যাণে কাজ করাই আমার লক্ষ্য।”

এদিকে স্থানীয়দের ভাষ্য, আগামী দিনের নেতৃত্ব ও ইউনিয়নের উন্নয়ন নিয়ে মানুষের মধ্যে আলোচনা রয়েছে। চেয়ারম্যান মফিজুল রহমানের সঙ্গে তাদের যে যোগাযোগ তৈরি হয়েছে, সেটি ভবিষ্যতেও অব্যাহত রাখার বিষয়ে অনেকেই আগ্রহ প্রকাশ করছেন বলে জানান তারা।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন