প্রিন্ট তারিখ: ৩০ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ‘হানিট্র্যাপ’ ফাঁদে আটকে টাকা আদায়ের অভিযোগ, চার নারী আটক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর শহরে পুলিশ পরিচয়ে এক চালককে একটি ফ্ল্যাটে নিয়ে আটকে মারধর, এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে টাকা আদায়ের অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে।

 

এ ঘটনায় ভুক্তভোগীকে উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঘটনাস্থল থেকে চার নারীকে আটক করা হয়েছে। এ ঘটনায় চাঁদপুর সদর মডেল থানায় মামলা করেছেন ভুক্তভোগী।

পুলিশের কাছে দায়ের করা এজাহার সূত্রে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর বিকেলে চাঁদপুর শহরের মাজহারুল ইসলাম চক্ষু হাসপাতালের সামনে থেকে সাইফুল ইসলাম নামে এক চালককে পুলিশ পরিচয়ে পথরোধ করেন দুই ব্যক্তি। পরে তাঁকে পাশের একটি ভবনের দ্বিতীয় তলায় নিয়ে যাওয়া হয়।

এজাহারে অভিযোগ করা হয়, সেখানে সাইফুলকে মারধর করে জোরপূর্বক এক নারীর সঙ্গে ছবি ও ভিডিও ধারণ করা হয়। পরে ওই ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাঁর কাছে এক লাখ টাকা দাবি করা হয়। একপর্যায়ে ভুক্তভোগীকে ২০ হাজার টাকা দিতে বাধ্য করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

ভুক্তভোগীর অভিযোগ, চক্রটি বিকাশের মাধ্যমে ৮ হাজার টাকা এবং তাঁর সঙ্গে থাকা নগদ ১২ হাজার টাকা নিয়ে নেয়। পরে কৌশলে স্বজনকে ফোন করে বিষয়টি জানান তিনি। স্বজনের মাধ্যমে খবর পেয়ে ডিবি পুলিশ ঘটনাস্থলের পাশের একটি ভবনে অভিযান চালিয়ে তাঁকে উদ্ধার করে এবং চার নারীকে আটক করে। এ সময় চক্রের আরও কয়েকজন সদস্য পালিয়ে যায় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত তথ্য উদ্ঘাটনে তদন্ত করছে পুলিশ। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ ফয়েজ আহমেদ।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন