প্রিন্ট তারিখ: ২৯ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে কিশোর গ্যাং দমনে পুলিশের বিশেষ অভিযান, আটক ৪৮

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ২৯ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের হাইমচর উপজেলায় কিশোর গ্যাং দমনে পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করা হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যা ৭টা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় থানা পুলিশ ও জেলা পুলিশের সমন্বয়ে একযোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন স্থান থেকে প্রায় ৪৮ জন কিশোর ও তরুণকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তিদের অধিকাংশই শিক্ষার্থী। তাদের মধ্যে অষ্টম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাশাপাশি অনার্স পর্যায়ের শিক্ষার্থীও ছিলেন।

অভিযানের সময় বিভিন্ন স্থানে অবস্থানরত কিশোর ও তরুণদের পরিচয়, শিক্ষাপ্রতিষ্ঠান এবং চলাফেরার বিষয়ে তথ্য যাচাই করা হয়। সন্ধ্যার পর অপ্রয়োজনীয় ঘোরাফেরা ও নির্জন স্থানে আড্ডা দেওয়ার বিষয়টি নজরে আসায় পুলিশ এ অভিযান পরিচালনা করে।

পুলিশ সদস্যরা কয়েকটি এলাকায় একযোগে অবস্থান নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করা কিশোর ও তরুণদের জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাদের নাম-পরিচয়, কোথা থেকে এসেছেন এবং কেন ওই এলাকায় অবস্থান করছেন—এসব বিষয়ে জানতে চাওয়া হয়।

পুলিশের ভাষ্য, কিশোর গ্যাং দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। অপরাধপ্রবণতায় জড়িয়ে পড়ার আগেই কিশোরদের শনাক্ত করে তাদের সচেতন করা এবং অভিভাবকদের সতর্ক করাই এ অভিযানের অন্যতম উদ্দেশ্য।

পুলিশের পক্ষ থেকে অভিভাবকদেরও সন্তানদের সন্ধ্যার পর অপ্রয়োজনীয় ঘোরাফেরা ও অপরিচিতদের সঙ্গে আড্ডা দেওয়ার বিষয়ে নজর রাখার আহ্বান জানানো হয়েছে।

এদিকে আটক কিশোর-তরুণদের অভিভাবকদের অনুরোধ এবং হাইমচর উপজেলা বিএনপির সেক্রেটারি মাজহারুল ইসলাম শফিক পাটোয়ারীর সুপারিশের পরিপ্রেক্ষিতে, সংশ্লিষ্টদের এবারের মতো সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে।

কিশোরদের ভবিষ্যতের কথা বিবেচনা করে মানবিক দৃষ্টিকোণ থেকে তাদের সতর্ক করে ছেড়ে দেওয়ার ঘটনায় হাইমচর থানা পুলিশের এ উদ্যোগকে স্থানীয়ভাবে প্রশংসনীয় হিসেবে দেখা হচ্ছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন