চাঁদপুরের হাইমচর উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার আমির মাওলানা আবুল হোসাইন ও সেক্রেটারি মুহাম্মদ জসিম উদ্দিন বাহার।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর ২০২৬) উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ উল্লেখ করে এক যৌথ বিবৃতিতে তারা এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে জামায়াত নেতৃবৃন্দ বলেন, সমাবেশে উপজেলা যুবদলের আহ্বায়ক জহির মাঝি হাইমচর উপজেলায় জামায়াতে ইসলামীকে কোথাও সভা-সমাবেশ করতে না দেওয়ার জন্য ওয়ার্ডে ওয়ার্ডে নেতাকর্মীদের প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।
তারা বলেন, কোনো রাজনৈতিক দলকে সভা-সমাবেশ করতে না দেওয়ার আহ্বান রাজনৈতিক সহাবস্থান ও গণতান্ত্রিক পরিবেশের পরিপন্থী। এ ধরনের বক্তব্য আগামী দিনে হাইমচরের গণতান্ত্রিক পরিবেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, ২০২৪ সালের গণআন্দোলনে বিএনপি ও জামায়াত জনগণকে সঙ্গে নিয়ে তৎকালীন সরকারের বিরুদ্ধে আন্দোলনে অংশ নিয়েছে। সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনে হাইমচরে রাজনৈতিক সহাবস্থান ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখা প্রয়োজন।
রাজনৈতিক মতপার্থক্য থাকলেও শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ নিশ্চিত করার আহ্বান জানান জামায়াত নেতৃবৃন্দ।