প্রিন্ট তারিখ: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে মাইক্রো বাসের ধাক্কায় শিশুর মৃত্যু: এলাকায় শোকের ছায়া

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে সড়ক দুর্ঘটনায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার ভোর ৬ টায় উপজেলার ১১ নম্বর হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ এলাকায় হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া আক্তার হাটিলা পশ্চিম ইউনিয়নের পাতানিশ গ্রামের বেপারি বাড়ির এমরান বেপারির মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো সোমবার ভোরেও রাফিয়া মক্তবে পড়তে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। পরে পাতানিশ মসজিদের সামনে সড়ক পার হওয়ার সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা এগিয়ে এলেও ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরবেলায় রাফিয়া মক্তবে যাওয়ার পথে সড়ক পার হচ্ছিল। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এদিকে, মাত্র ছয় বছর বয়সী শিশুর এমন মর্মান্তিক মৃত্যুতে পাতানিশ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্য ও স্বজনদের আহাজারিতে স্থানীয় পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয়দের অভিযোগ, হাজীগঞ্জ-গৌরীপুর সড়কে ভোর ও সকালবেলায় যানবাহনের চলাচল থাকলেও অনেক সময় চালকেরা বেপরোয়া গতিতে গাড়ি চালান। ফলে পথচারী ও বিশেষ করে শিশুদের সড়ক পারাপারে ঝুঁকি তৈরি হয়।

দুর্ঘটনা এড়াতে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং গুরুত্বপূর্ণ স্থানে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। রাফিয়া আক্তারের অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন