প্রিন্ট তারিখ: ২৬ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব দক্ষিণে মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি তামান্না, দিলেন অভিশাপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর মেধাতালিকায় প্রথম হয়েও নিয়োগপত্র পাননি তামান্না। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হওয়ার পর দীর্ঘ আট মাস অপেক্ষা করেও শেষ পর্যন্ত তার নামে নিয়োগপত্র ইস্যু হয়নি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) পুলিশ ও এনএসআইয়ের ভেরিফিকেশনে বাদ পড়ার কারণে তার নিয়োগপত্র দেওয়া হয়নি বলে জানা গেছে।

তামান্নার অভিযোগ, তাকে ‘পলিটিক্যাল ট্যাগ’ দিয়ে নিয়োগ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে তিনি দাবি করেছেন, তিনি কিংবা তার পরিবারের কোনো সদস্য কখনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

তামান্না চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মেধাতালিকায় প্রথম এবং পুরো জেলায় ১১তম অবস্থানে ছিলেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর লিখিত ও মৌখিক পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পর তিনি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হন।

নিজের শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তামান্না জানান, তিনি হবিগঞ্জের বৃন্দাবন সরকারি কলেজের ইংরেজি বিভাগ থেকে অনার্সে ফার্স্ট ক্লাস অর্জন করেন এবং বিভাগে দ্বিতীয় হন। পরে নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজ থেকে মাস্টার্সে ফার্স্ট ক্লাস অর্জনের পাশাপাশি বিভাগে প্রথম হন।

ফেসবুক পোস্টে তামান্না লেখেন, ‘জন্মই আমার আজন্ম পাপ! আমি এ রাষ্ট্রযন্ত্রকে ধিক্কার জানাই! এ যেন কষ্ট করে পাওয়া চাকরিটাকে ছিনিয়ে নেওয়া, এ যেন মায়ের কোল থেকে একটা সন্তানকে ছিনতাই করা!’

তিনি আরও লেখেন, ‘প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ এ আমি চূড়ান্তভাবে সুপারিশপ্রাপ্ত হয়েছিলাম। আমার একাডেমিক সকল সার্টিফিকেট ভালো। … লিখিত ও ভাইবা পরীক্ষায় সফলতার সাথে উত্তীর্ণ হয়ে আমার উপজেলায় চাঁদপুর জেলার মতলব দক্ষিণ থানার মেরিট লিষ্টে-১ম স্থান ও সমগ্র চাঁদপুর জেলায় ১১তম হই।’

তামান্নার দাবি, চূড়ান্তভাবে সব ধাপ সম্পন্ন করার পর দীর্ঘ আট মাস অপেক্ষা করলেও ২৪ সেপ্টেম্বর তার নামে কোনো নিয়োগপত্র ইস্যু হয়নি। এর কারণ হিসেবে পুলিশ ও এনএসআই ভেরিফিকেশনে তাকে বাদ দেওয়ার কথা জানানো হয়েছে।

তামান্না অভিযোগ করেন, ‘পলিটিক্যাল ট্যাগ’ দিয়ে তাকে বাদ দেওয়া হয়েছে। যদিও তার ভাষ্য অনুযায়ী, তিনি বা তার পরিবারের কেউ কোনো সময় রাজনীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন না।

এ ঘটনায় হতাশা ও ক্ষোভ প্রকাশ করে তামান্না বলেন, ‘যে দেশে মেধার মূল্যায়ন হয় না, আমি সে দেশকে তার মেধাবীদেরসহ ধ্বংস কামনা করি।’

তবে ভেরিফিকেশনে তাকে বাদ দেওয়ার সুনির্দিষ্ট কারণ এবং তার অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন