প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে কৃষকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জে বিষধর সাপের কামড়ে মো. আব্দুল হান্নান মিজি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নিজ বাড়িতে অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত আব্দুল হান্নান মিজি উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মিজি বাড়ির আবুল কালামের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার বিকেলে হান্নান মিজি বিলের মধ্যে কৃষিকাজ শেষে বাড়িতে ফিরে খাবার খেয়ে বিশ্রাম নিচ্ছিলেন। কিছুক্ষণ পর তিনি প্রচণ্ড ব্যথা অনুভব করেন এবং বমি করতে শুরু করেন। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

প্রতিবেশী ও বড়কুল পশ্চিম ইউনিয়ন যুবদলের সভাপতি মো. সাইফুল ইসলাম জানান, কৃষিকাজ করার সময় বিলের মধ্যে হান্নান মিজিকে কোনো কিছু কামড় দেয়। তখন তিনি বিষয়টি বুঝতে পারেননি এবং তেমন ব্যথাও অনুভব করেননি। বাড়িতে ফেরার পর হঠাৎ তীব্র ব্যথা ও বমি শুরু হলে তাকে হাসপাতালে নেওয়া হয়।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, বিলের মধ্যে কাজ করার সময় বিষধর সাপের কামড়েই তার মৃত্যু হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য মো. জহির হোসেনও সাপের কামড়ে হান্নান মিজির মৃত্যুর বিষয়টি জানতে পেরেছেন বলে জানান।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহমেদ তানভীর হাসান বলেন, “হান্নান মিজি হাসপাতালে নিয়ে আসার আগেই মারা গেছেন।”

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন