প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাজীগঞ্জের নবগঠিত ১৩ নম্বর অলিপুর ইউনিয়নের কার্যক্রম উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার নবগঠিত ১৩ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে ইউনিয়নের কৈয়ারপুল বাজারে স্থাপিত অস্থায়ী কার্যালয়ে ফিতা কেটে ইউনিয়ন পরিষদের কার্যক্রমের উদ্বোধন করেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, নবগঠিত ইউনিয়নের কার্যক্রম শুরুর মাধ্যমে এ এলাকার মানুষের সরকারি ও নাগরিক সেবা আরও সহজ ও দ্রুততর হবে। স্থানীয় পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম গতিশীল করার পাশাপাশি জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সংশ্লিষ্টদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইবনে আল জায়েদ হোসেন, ১৩ নম্বর অলিপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক মোশারফ হোসেন, রাজনীতিবিদ কানু পাটোয়ারী, সাবেক ছাত্রনেতা মোরশেদুর রহমান মিজান, ১৩ নম্বর অলিপুর ইউনিয়ন কৃষকদলের সভাপতি লিটন পাটোয়ারীসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, দীর্ঘদিনের প্রয়োজনের প্রেক্ষাপটে নবগঠিত ১৩ নম্বর অলিপুর ইউনিয়নের কার্যক্রম চালু হওয়ায় স্থানীয় জনগণের মধ্যে নতুন প্রত্যাশা তৈরি হয়েছে। ইউনিয়ন পরিষদের কার্যক্রমের মাধ্যমে জন্মনিবন্ধন, নাগরিক সনদসহ বিভিন্ন প্রশাসনিক ও নাগরিক সেবা স্থানীয় পর্যায়েই সহজে পাওয়ার সুযোগ তৈরি হবে।

নবগঠিত ইউনিয়নের অস্থায়ী কার্যালয় থেকে নিয়মিত কার্যক্রম পরিচালনার মধ্য দিয়ে পর্যায়ক্রমে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক সেবা আরও বিস্তৃত ও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা জানান।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন