প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জেরে হামলা ও মারধরের অভিযোগ 

অনলাইন ডেস্ক:
প্রকাশিত: ২২ সেপ্টেম্বর, ২০২৬

শাহরাস্তিতে সম্পত্তিগত বিরোধের জেরে হামলা ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এতে দুই নারী’সহ তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় থানায় অভিযোগ দিয়েছেন, হামলা ও মারধরের শিকার মো. হুমায়ুন মিজি (৭০)।

তিনি একই বাড়ির শহিদ মিজির স্ত্রী শাহনাজ বেগম, ছেলে সাখাওয়াত হোসেন, মো. সাইফুল ইসলাম ও সামছুন্নাহার’সহ অজ্ঞাতনাম ২/৩ জনের বিরুদ্ধে অভিযোগ এনে শাহরাস্তি থানায় এ অভিযোগ দায়ের করেন।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের কুলশি গ্রামের মিয়াজীতে এ হামলার ঘটনা ঘটে। আহত হুমায়ুন মিজি ওই বাড়ির মৃত আনোয়ার হোসেন মিয়াজীর ছেলে। হামলায় তার স্ত্রী কাজল বেগম ও পুত্রবধূ তানজিনা আহত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

জানা গেছে, গত বৃহস্পতিবার সকালে হুমায়ুন মিজির মালিকানাধীন ভূমি থেকে জোরপূর্বক তালগাছের ডালপালা নিতে আসেন, শহিদ মিজির স্ত্রী শাহনাজ বেগম। এসময় হুমায়ুন মিজি বাধা দিলে তাদের মাঝে তর্ক-বিতর্কের সৃষ্টি হয়।

এক পর্যায়ে হুমায়ুন মিজির পরিবারের উপর দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ও মারধর এবং হত্যার হুমকি দেয়া হয় বলে থানায় দায়েরকৃত অভিযোগে উল্লেখ করা হয়। এতে হুমায়ুন মিজি, তার স্ত্রী ও পুত্রবধূ আহত হন।

এদিকে অভিযোগ অস্বীকার করে সাখাওয়াত হোসেন মুঠোফোনে বলেন, ওই সম্পত্তি হুমায়ুন মিজির ব্যক্তি মালিকানা নয়, বাড়ির এজমালি সম্পত্তি। তাছাড়া তালগাছটিও তার নয়, আলমের। তার অনুমতি নিয়ে আমার মা তালগাছের ডালপালা কাটতে গেছেন।

তিনি বলেন, তারা আমার মাকে মারধর করেছে। আমরাও থানায় অভিযোগ দিয়েছি। তাছাড়া তিনি যে সম্পত্তি নিজেদের বলে দাবী করেন, এর স্বপক্ষের কোন কাগজপত্র দেখাতে পারেনি। দলিলপত্র নিয়ে থানায় আসতে বলা হলেও তিনি আসেনি।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান জানান, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন