প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে নারী নিহত, আহত ২

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ সেপ্টেম্বর, ২০২৬
চাঁদপুরে ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মাহীনুর বেগম (৩৮) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার ভাইসহ অটোরিকশার দুই যাত্রী।

 

রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দেবপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মাহীনুর সদর উপজেলার তরপুরচণ্ডী ইউনিয়নের তরপুরচণ্ডী গ্রামের তপাদার বাড়ির নাছির তপাদারের স্ত্রী।

 

তিনি এক সন্তানের জননী। ছোট ভাইকে সঙ্গে নিয়ে তিনি হাজীগঞ্জের বাকিলা থেকে চাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন।

 

আহতদের মধ্যে রয়েছেন মাহীনুরের ভাই হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের রাধাসার গ্রামের তপাদার বাড়ির মৃত পনু মিয়ার ছেলে মো. ইউনুছ (২৮)। অপর আহত নারীর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

আহত দুজনকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

 

স্থানীয়রা জানান, অটোরিকশাটি বাকিলা থেকে চাঁদপুরের দিকে যাচ্ছিল। দেবপুর এলাকায় পৌঁছে একটি অটোরিকশাকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সড়কের পাশে ছিটকে পড়ে। ঘটনাস্থলেই মাহীনুর বেগম নিহত হন।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাক ও অটোরিকশা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়েছে। তবে অটোরিকশার চালককে ঘটনাস্থলে পাওয়া যায়নি।

ওসি আরও বলেন, নিহত নারীর লাশ উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন