প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মায়ের একমাত্র ভরসা ইয়াছিন, ২২ বছর বয়সে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ঝরল প্রাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বাকিলা এলাকায় ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে ইয়াছিন হোসেন (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় সায়েম নামে এক কিশোর গুরুতর আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বাকিলা এলাকার এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াছিন হোসেন হাজীগঞ্জ উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের রাধাসার গ্রামের আলমগীর বেপারীর ছেলে। ছোটবেলাতেই বাবা-মায়ের বিচ্ছেদ হওয়ায় মা সাবিনা ইয়াসমিনের সঙ্গে নানা বাড়িতে থেকেই বেড়ে ওঠেন তিনি।

স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াছিন বাকিলা এলাকার ত্রিমোহনী থিম পার্কে প্রায় সাত বছর ধরে কাজ করতেন। কাজ শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রাকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হন তিনি। পরে তার মৃত্যু হয়।

ত্রিমোহনী থিম পার্কের স্বত্বাধিকারী আল আমিন জানান, ইয়াছিন দীর্ঘদিন ধরে তার পার্কে কাজ করতেন। তার উপার্জনের ওপরই মূলত মায়ের ভরণপোষণ চলত। ছেলেকে হারিয়ে এখন অসহায় হয়ে পড়েছেন তার মা।

এ ঘটনায় আহত কিশোর সায়েম বাকিলা এলাকার আক্তার হোসেনের ছেলে। দুর্ঘটনায় তার বাম হাত থেঁতলে গেছে। গুরুতর অবস্থায় রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান দুর্ঘটনা ও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাক ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন