প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

চাঁদপুরে কালো ব্যাজ পরে তিন বিচারককে প্রত্যাহারের দাবি আইনজীবীদের

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
আইনজীবীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ ও বার-বেঞ্চের মধ্যে সমন্বয়হীনতার অভিযোগ তুলে চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটসহ তিন বিচারককে প্রত্যাহারের দাবিতে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে চাঁদপুর জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

পরে আইনজীবীরা কালো ব্যাজ ধারণ করে আদালত প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিল বের করেন। 
মিছিলটি চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়ক প্রদক্ষিণ করে আবার আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শামছুল ইসলাম মন্টু। তিনি বলেন, বিচারকদের সঙ্গে আমাদের কোনো দ্বন্দ্ব নেই।
তিনি আরও বলেন, যেসব আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বিচারপ্রার্থীরা যেন সেসব আদালতে প্রবেশ না করেন।

আইনজীবী সহকারীদেরও বর্জন করা আদালতে তদবির না করার আহ্বান জানান তিনি।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাকির হোসেন তালুকদার ফয়সালের সঞ্চালনায় কর্মসূচির আগে বক্তব্য দেন সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট কামাল উদ্দিন, সিনিয়র আইনজীবী হুমায়ুন কবির, শিরিন আক্তার মুক্তা, আবু বকর, মাসুদ প্রধানিয়া, আতিকুর রহমান ও সাদ্দাম হোসেনসহ অন্যরা।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে জরুরি সাধারণ সভায় প্রায় ৪৫০ আইনজীবীর উপস্থিতিতে তিন বিচারকের আদালত বর্জনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর থেকে প্রতিবাদ সভা, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন আইনজীবীরা। এর ধারাবাহিকতায় বৃহস্পতিবার আন্দোলনের নবম দিনে কালো ব্যাজ ধারণ ও বিক্ষোভ মিছিল করেন তারা।

আদালত বর্জনের সিদ্ধান্তে থাকা তিন বিচারক হলেন, চাঁদপুরের চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর রহমান, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট-১-এর বিচারক পলাশ বর্ধন এবং সদর সিনিয়র সিভিল জজ আদালতের বিচারক শম্পা ইসলাম।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন