প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মতলব উত্তরের জামাল নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬

দক্ষিণ আফ্রিকায় সন্ত্রাসীদের গুলিতে মো. জামাল মিয়া নামে বাংলাদেশি প্রবাসী যুবক নিহত হয়েছেন। তার বাড়ি চাঁদপুরের মতলব উপজেলায়।

নিহত জামাল মিয়া মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের সিপাই কান্দি গ্রামের মো. ছিডু মিয়া বেপারীর ছেলে। তিনি তিন শিশুসন্তানের বাবা। বড় ছেলে বায়েজিদের বয়স আট বছর। মেজো মেয়ে সিনথিয়ার ৩ এবং ছোট মেয়ে সামিরা আক্তারের বয়স ২ বছর।

বাংলাদেশ সময় গত বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে মো. জামাল মিয়ার ওপর হামলার ঘটনা ঘটে।

 

স্বামীকে হারিয়ে স্ত্রী মাজেদা বেগম পাগলপ্রায়। উপার্জনক্ষম একমাত্র ব্যক্তিকে হারিয়ে তাদের শোকের মাতমে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

স্থানীয় সূত্রে জানা যায়, নিহত জামাল মিয়া জীবিকার তাগিদে ৪-৫ বছর আগে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে তিনি কষ্টের অর্জিত অর্থে একটি ভ্যারাইটি সুপারশপ দোকান গড়ে তোলেন এবং একজন কর্মচারী রেখে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।

বুধবার রাতে একদল সশস্ত্র সন্ত্রাসী তার দোকানে হামলা চালায়। সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে ঘটনাস্থলেই জামাল মিয়া নিহত হন। এ সময় দোকানে থাকা অপর কর্মচারী গুরুতর আহত হন।

জামাল মিয়া বাবা মো. ছিডু মিয়া বেপারী বলেন, ‘আমার ছোট ছোট নাতিগুলা অল্প বয়সে এতিম হয়ে গেল। এর চেয়ে কষ্ট আর দুর্ভাগ্য কী হতে পারে!’

ছিডু মিয়া আরো বলেন, আমার এখন একটাই চাওয়া, খুব দ্রুত যেন ছেলের মরদেহ বাংলাদেশে এনে নিজ গ্রাম দাফনের ব্যবস্থা করতে পারি। এজন্য বাংলাদেশ সরকারের ওয়েজ আর্নার্স প্রবাসী কল্যাণ বোর্ড ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আকুল আবেদন জানাচ্ছি।’

তার ছেলে হত্যায় জড়িত সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ নিশ্চিত করতে দক্ষিণ আফ্রিকা সরকারের প্রতি দাবি জানান ছিডু মিয়া।

 

 

 

 

 

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন