প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলব উত্তরে দুইজনের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬

মতলব উত্তরে পৃথক ঘটনায় দুজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবি (৬ সেপ্টেম্বর) ও সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে এ মরদেহ উদ্ধার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, কেরির ট্যাবলেট খেয়ে এক ব্যক্তি এবং গলায় ফাঁস দিয়ে এক কিশোরী আত্মহত্যা করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের তিতারকান্দি গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে কেরির ট্যাবলেট খেয়ে দীপক মন্ডল (৪৫) নামে এক ব্যক্তি অসুস্থ হয়ে পড়েন। পরে তার মৃত্যু হয়। তিনি ওই গ্রামের মৃত মনোরঞ্জন মণ্ডলের ছেলে।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রের বরাত দিয়ে পুলিশ জানায়, দীপক মন্ডল পারিবারিকভাবে ঋণগ্রস্ত ছিলেন। ঋণের বোঝা সামলাতে না পেরে মানসিকভাবে হতাশ হয়ে তিনি কীটনাশক জাতীয় কেরির ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।

অন্যদিকে, রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পূর্ব ফতেপুর ইউনিয়নের দক্ষিণ লুধুয়া গ্রামের নিজ বাড়ির শয়নকক্ষে ফাহিমা আক্তার (১৪) নামে এক কিশোরী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ। সে ওই গ্রামের সায়েদ আলী কারির মেয়ে।

 

পুলিশ ও পরিবারের বরাত দিয়ে জানা যায়, ফাহিমা মোবাইলে টিকটক করত। তার ব্যবহৃত মোবাইল ফোনটি নষ্ট হয়ে যাওয়ায় নতুন মোবাইল কিনে দেওয়ার জন্য সে বাবা-মায়ের কাছে আবদার করে। পরিবারের পক্ষ থেকে পরে মোবাইল কিনে দেওয়ার কথা বলা হলেও এতে বিলম্ব হওয়ায় সে হতাশ হয়ে আত্মহত্যার পথ বেছে নেয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।

 

 

দুটি ঘটনাতেই পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে। তবে এসব ঘটনায় কোনো অভিযুক্ত বা গ্রেপ্তারের তথ্য পাওয়া যায়নি। উভয় ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, ‘পৃথক দুটি ঘটনায় দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে দুজনই আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। তবে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে। এ বিষয়ে তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

 

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন