প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

নিম্নমানের শিশু খাদ্যসহ নানা অনিয়ম, চাঁদপুরে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুর শহরের পুরান বাজারে অভিযান চালিয়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যপণ্য সংরক্ষণ ও বিক্রি, ভুয়া নাম-ঠিকানা ব্যবহার করে খাদ্যপণ্য বাজারজাত এবং অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য বিক্রির অপরাধে তিন প্রতিষ্ঠানকে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে পুরাণ বাজারের ট্রাঙ্ক পট্টি ও সুতা পট্টি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে গাজী স্টোর, রিয়াদ স্টোর ও ইব্রাহিম স্টোরকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে এ জরিমানা করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন।

জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ স্বেচ্ছায় পরিশোধ করেন। অভিযানের সময় মেয়াদবিহীন ও অনুমোদনহীন নিম্নমানের শিশু খাদ্য ধ্বংস করা হয়।

এ ছাড়া সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকেরা ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। অভিযানের অংশ হিসেবে বাজারের অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয়। এ সময় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

অভিযানে পুরাণ বাজার পুলিশ ফাঁড়ির একটি দল সার্বিক সহযোগিতা করে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জানিয়েছে, ভোক্তাদের স্বার্থ রক্ষা ও বাজারে অনিয়ম প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন