চাঁদপুরের হাইমচর উপজেলা সদরের একমাতার সরকারি কলেজের সামনে গুরুত্বপূর্ণ সড়কে কালভার্টের একটি অংশ ভেঙে পড়ে সৃষ্টি হয়েছে বড় গর্ত।
ব্যস্ততম এই সড়কটি এখন পথচারী ও যানবাহনের জন্য ঝুঁকিপূর্ণ ‘মরণফাঁদে’ পরিণত হয়েছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন কলেজ কতৃপক্ষ ও স্থানীয়রা।
হাইমচরের একমাত্র সরকারি কলেজের সামনের এ সড়ক দিয়ে প্রতিদিন প্রায় ২০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী চলাচল করে। পাশাপাশি উপজেলা পরিষদ, হাইমচর থানা, প্রাণিসম্পদ কার্যালয়, সাব-রেজিস্ট্রি অফিস, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ভূমি অফিসসহ গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে যাতায়াতের অন্যতম প্রধান পথ এটি।
এছাড়া হাইমচর উপজেলা সদর ও আলগী বাজারের সঙ্গে যোগাযোগের জন্যও সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকাল থেকে রাত পর্যন্ত শিক্ষার্থী, শিক্ষক, রোগী, সরকারি কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের ব্যাপক চলাচল রয়েছে এখানে।
স্থানীয়দের অভিযোগ, কালভার্টের অংশ ভেঙে গর্ত তৈরি হলেও এখনো স্থায়ী সংস্কারের উদ্যোগ নেওয়া হয়নি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে গর্তটি পার হচ্ছেন মানুষ। বিশেষ করে রাতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা না থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়।
একাধিক শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দা বলেন, “বড় কোনো দুর্ঘটনা ঘটার আগে সড়কটি সংস্কার করা প্রয়োজন। শিক্ষার্থীদের নিরাপদ চলাচলের স্বার্থে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।
দুর্ঘটনার আগে সংস্কার হবে, নাকি দুর্ঘটনার পর?
স্থানীয়দের প্রশ্ন—এতগুলো শিক্ষা প্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ সরকারি দপ্তরের সংযোগ সড়কে এমন ঝুঁকিপূর্ণ গর্ত থাকার পরও কেন দ্রুত সংস্কার করা হচ্ছে না?
দুর্ঘটনা ঘটার অপেক্ষা না করে জরুরি ভিত্তিতে কালভার্ট ও সড়কের ক্ষতিগ্রস্ত অংশ সংস্কারের দাবি জানিয়েছেন হাইমচরবাসী।