প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ফরিদগঞ্জে অবসরপ্রাপ্ত ৬ শিক্ষককে রাজকীয় সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ সেপ্টেম্বর, ২০২৬

​যাঁদের জ্ঞান, মমতা আর নিষ্ঠায় তিন দশকেরও বেশি সময় ধরে তৈরি হয়েছেন হাজারো সুনাগরিক, কর্মজীবনের শেষ প্রান্তে এসে সেই প্রিয় গুরুজনদের স্মরণকালের সেরা রাজকীয় সংবর্ধনা দিলো চাঁদপুরের ফরিদগঞ্জের ঐতিহ্যবাহী ‘প্রত্যাশী রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়’।

​বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে বিদায়ী সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদারসহ মরণোত্তর একজন ও পূর্বে অবসরে যাওয়া মোট ৬ জন শিক্ষককে আনুষ্ঠানিকভাবে এই রাজকীয় বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।

​সংবর্ধিত শিক্ষকগণ হলেন-সিনিয়র শিক্ষক তপন কুমার মজুমদার (সর্বশেষ ৩১ আগস্ট অবসরে যান), সিনিয়র শিক্ষক বিল্লাল হোসেন খান, সিনিয়র শিক্ষক উত্তম কুমার তালুকদার, সিনিয়র শিক্ষক হুমায়ুন কবির গাজী, সিনিয়র শিক্ষক আবুল খায়ের মিয়া এবং প্রবীণ প্রয়াত সিনিয়র শিক্ষক আনোয়ার হোসেন গাজী (মরণোত্তর)।

​বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শিক্ষা অফিসের সহকারী পরিদর্শক লিটন কান্তি দাশ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আলম শেখ।

​সিনিয়র শিক্ষক মাহফুজুর রহমান, মো. আলাউদ্দিন ও মিলন খানের যৌথ পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মিজানুর রহমান। অনুষ্ঠানে বিদায় বাণী পাঠ করেন দশম শ্রেণির শিক্ষার্থী নাদিয়া ইসলাম।

​সংবর্ধিত বিদায়ী শিক্ষকদের পক্ষে বক্তব্য রাখেন তপন কুমার মজুমদার, আবুল খায়ের মিয়া, হুমায়ুন কবির গাজী, বিল্লাল হোসেন খান, উত্তম কুমার তালুকদার এবং প্রয়াত শিক্ষকের পক্ষে তাঁর সুযোগ্য সন্তান রবিউল আলম।

​আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন ফারাক্কাবাদ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রেজাউল করিম মিঠু, চির্কাচাঁদপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ আবু জাফর মো. শামসুদ্দিন খান, ফরিদগঞ্জ কে. আর. আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মাছুম আলম তালুকদার, বালিথুবা আব্দুল হামিদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সম্পাদক হুমায়ুন কবির, বালিয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক বেপারী, রামপুর বাজার মজিদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম পাটওয়ারী, ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোবারক হোসেন, হাঁসা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতি দেলোয়ার হোসেন পাটওয়ারী, মতলব দক্ষিণ উপজেলার ডিঙ্গাভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান, ফরিদগঞ্জ এ. আর. পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক হিতেশ শর্মা এবং ধানুয়া জনতা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মেহেদি হাসান মঞ্জু।

​এ ছাড়া বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আলমগীর হোসেন, সিনিয়র শিক্ষক মোশারফ হোসেন, রুহুল আমিন, ঝন্টু দাস এবং প্রাক্তন শিক্ষার্থী পরিষদের নেতৃবৃন্দ আলোচনায় অংশ নেন।

​আলোচনা সভায় বক্তারা বলেন, প্রত্যাশী রুস্তুম আলী উচ্চ বিদ্যালয়ের এই ঐতিহাসিক উদ্যোগ শিক্ষার মর্যাদা বাড়াতে অনুকরণীয় হয়ে থাকবে। এই রাজকীয় সম্মাননা নতুন প্রজন্মকে শিক্ষকতা পেশায় উদ্বুদ্ধ করবে। সংবর্ধিত শিক্ষকরা কেবল পাঠদানেই সীমাবদ্ধ ছিলেন না, তাঁরা ছিলেন এই প্রতিষ্ঠানের মূল প্রাণভোমরা।

​সভা শেষে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা বিদায়ী শিক্ষকদের সম্মাননা স্মারক (ক্রেস্ট), ফুল ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেন। একই অনুষ্ঠানে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ও জুনিয়র বৃত্তি পরীক্ষায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধিত করা হয়।

​অনুষ্ঠানের চূড়ান্ত পর্বে তৈরি হয় এক আবেগঘন মুহূর্ত। বিদ্যালয় ভবন থেকে বিছানো লালগালিচার ওপর দিয়ে হেঁটে ফুল সজ্জিত পৃথক ঘোড়ার গাড়িতে চড়েন প্রবীণ শিক্ষকরা। পরবর্তীতে সুসজ্জিত মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা শ্রদ্ধেয় শিক্ষকদের সসম্মানে নিজ নিজ বাসভবনে পৌঁছে দেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন