স্মার্ট, আধুনিক ও পরিকল্পিত হাজীগঞ্জ পৌরসভা গড়ে তোলার প্রত্যয় নিয়ে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু। এরই ধারাবাহিকতায় পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ধেররা এলাকায় স্থানীয়দের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে এক নির্বাচনী উঠান বৈঠক। এতে স্থানীয় ভোটার ও নেতাকর্মীদের উপস্থিতিতে নির্বাচনী পরিবেশ ছিল বেশ প্রাণবন্ত।
বুধবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধেররা সর্দার বাড়ি স্কুল মাঠে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু তাঁর নির্বাচনী পরিকল্পনা তুলে ধরেন এবং পৌরবাসীর দোয়া,সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, “আপনাদের মূল্যবান ভোটে নির্বাচিত হলে আমাদের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক মহোদয়ের পরামর্শ ও নির্দেশনা অনুযায়ী সকলের সহযোগিতা নিয়ে পৌরবাসীর আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবো।”
তিনি বলেন, শুধু নির্বাচনের সময় নয়, আগামী দিনেও সুখে-দুঃখে মানুষের পাশে থাকতে চান। পৌরবাসীর দৈনন্দিন সমস্যা ও নাগরিক দুর্ভোগ চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে নিয়মতান্ত্রিকভাবে সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
অ্যাডভোকেট টিটু আরও বলেন, “হাজীগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক,স্মার্ট ও নাগরিকবান্ধব পৌরসভায় রূপান্তর করতে হলে পরিকল্পিত উন্নয়ন এবং জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। নির্বাচিত হলে জনগণের মতামতকে সঙ্গে নিয়েই পৌরসভার উন্নয়ন কার্যক্রম পরিচালনা করবো।”
তিনি ৩ নম্বর ওয়ার্ডসহ সমগ্র পৌর এলাকার সমস্যা চিহ্নিত করে ধাপে ধাপে সমাধানের আশ্বাস দেন এবং নির্বাচনে তাঁর পক্ষে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেন।
উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট সুমন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. আওয়াল সর্দার। সঞ্চালনা করেন সেলিম তপদার। এ সময় বক্তব্য রাখেন হাশেম বেপারি, শাহ আলম সর্দার, অহিদ উল ইসলাম, জুলহাস বেপারি, খোকন সর্দার, সেলিম তপদার ও অ্যাডভোকেট কায়ুম সুমনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয়। পরে নির্বাচনী বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে দেশ, জাতি, পৌরবাসী ও সকলের কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা বদরুদ্দোজা।
উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, মহিলাবৃন্দ, পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।