প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

ব্যবসায় সাফল্য, মানবসেবায় নীরবতা—হাজীগঞ্জের নিরহংকারী ভ্রমণপিপাসু কাওসার হোসেন লিটন

শাখাওয়াত হোসেন শামীম
প্রকাশিত: ২ সেপ্টেম্বর, ২০২৬

ব্যবসায়িক সাফল্য, সামাজিক কর্মকাণ্ড ও মানবসেবার পাশাপাশি সহজ-সরল জীবনযাপনের কারণে স্থানীয়ভাবে আলাদা পরিচিতি তৈরি করেছেন চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ গ্রামের কৃতী সন্তান রোটা. মো. কাওসার হোসেন লিটন। একজন সফল ব্যবসায়ী হলেও নিজের কর্মকাণ্ডের প্রচার নিয়ে খুব একটা আগ্রহী নন তিনি। মানুষের পাশে নীরবে দাঁড়ানো এবং সুযোগ পেলেই নতুন জায়গা ঘুরে দেখাই যেন তার জীবনের অন্যতম বৈশিষ্ট্য।

হাজীগঞ্জ বাজারের স্বনামধন্য গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট অ্যান্ড বাংলা চাইনিজ ফাস্ট ফুড-এর স্বত্বাধিকারী কাওসার হোসেন লিটন দীর্ঘদিন ধরে ব্যবসার সঙ্গে যুক্ত। ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে তার প্রতিষ্ঠান একাধিক সম্মাননা অর্জন করেছে।

প্রতিষ্ঠানের সংরক্ষিত সম্মাননা ও সনদপত্রের তথ্য অনুযায়ী, ২০১৪-১৫ অর্থবছরে চাঁদপুর জেলায় শ্রেষ্ঠ ভ্যাটদাতা হিসেবে গাউছিয়া হাইওয়ে রেস্টুরেন্ট স্বীকৃতি লাভ করে। পরবর্তীতে ২০২১-২২ অর্থবছরে জেলা পর্যায়ে সর্বোচ্চ মূল্য সংযোজন কর (ভ্যাট) পরিশোধকারী প্রতিষ্ঠান হিসেবেও সম্মাননা অর্জন করে প্রতিষ্ঠানটি।

রোটারির সঙ্গে সম্পৃক্ততা ব্যবসার পাশাপাশি সামাজিক কর্মকাণ্ডেও রয়েছে কাওসার হোসেন লিটনের সম্পৃক্ততা। তিনি রোটারি ক্লাব অব হাজীগঞ্জের সঙ্গে যুক্ত। ২০১৮ সালে রোটারির সচিব ও কোষাধ্যক্ষ নির্বাচিতদের প্রশিক্ষণ কর্মসূচিতেও অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অংশগ্রহণ ও সফলভাবে তা সম্পন্ন করার স্বীকৃতিস্বরূপ তার নামে সনদও রয়েছে।

প্রতি শুক্রবার অসহায় মানুষের জন্য খাবার
মানবিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কাওসার হোসেন লিটনের অন্যতম উদ্যোগ হলো অসহায় ও দরিদ্র মানুষের জন্য খাবারের ব্যবস্থা করা। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক বছর ধরে প্রতি শুক্রবার বাদ জুমা অসহায় মানুষের জন্য গোশত-ভাতের আয়োজন করা হচ্ছে।

এ কাজে রেস্টুরেন্টের কর্মীরাও নিজেদের সামর্থ্য অনুযায়ী অংশ নেন। পাশাপাশি কাওসার হোসেন লিটন নেপথ্যে থেকে এ উদ্যোগে সহযোগিতা করে আসছেন বলে সংশ্লিষ্টরা জানান।
ঘনিষ্ঠজনদের ভাষ্য, মানুষের জন্য কিছু করলেও তা প্রচারের আলোয় আনতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না তিনি। তার কাছে প্রচারের চেয়ে প্রয়োজনের সময়ে মানুষের পাশে দাঁড়ানোই বেশি গুরুত্বপূর্ণ।

ভ্রমণেও রয়েছে বিশেষ আগ্রহ
ব্যবসা ও মানবসেবার পাশাপাশি কাওসার হোসেন লিটন একজন ভ্রমণপিপাসু মানুষ হিসেবেও পরিচিত। ব্যক্তিগত আগ্রহে তিনি বিশ্বের বিভিন্ন দেশ ভ্রমণ করেছেন। নতুন জায়গা দেখা, ভিন্ন সংস্কৃতি ও মানুষের জীবনযাত্রা কাছ থেকে জানার প্রতি তার রয়েছে বিশেষ আগ্রহ।

তবে নিজের ভ্রমণ কিংবা ব্যক্তিগত কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্যে খুব বেশি কথা বলতে আগ্রহী নন তিনি। বন্ধু ও পরিচিতজনদের কাছ থেকেই তার ভ্রমণপ্রীতির নানা তথ্য জানা যায়।

সাফল্যের আড়ালে মানবিক এক পরিচয়
একদিকে ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি হিসেবে একাধিক সম্মাননা, অন্যদিকে রোটারি কার্যক্রমে সম্পৃক্ততা ও অসহায় মানুষের জন্য নিয়মিত খাবারের আয়োজন—সব মিলিয়ে কাওসার হোসেন লিটনের জীবনযাত্রায় ব্যবসা ও মানবিকতার এক সুন্দর সমন্বয় দেখা যায়।

স্থানীয়দের মতে, একজন উদ্যোক্তা হিসেবে সফল হওয়ার পাশাপাশি মানুষের সঙ্গে সহজে মিশে যাওয়া, নিরহংকারভাবে চলাফেরা করা এবং প্রচারের আড়ালে থেকে মানুষের উপকার করার মানসিকতাই তাকে অন্যদের থেকে আলাদা করেছে।
শুভাকাঙ্ক্ষীদের প্রত্যাশা, ভবিষ্যতেও ব্যবসার পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে যাবেন রোটা. মো. কাওসার হোসেন লিটন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন