প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

হাইমচরে বেহাল সড়ক: সামান্য বৃষ্টিতেই জনজীবন বিপর্যস্ত, দ্রুত সংস্কারের দাবি

বিএম ফরিদ আহমেদ
প্রকাশিত: ১ সেপ্টেম্বর, ২০২৬

চাঁদপুরের হাইমচর উপজেলার ২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে একটি গুরুত্বপূর্ণ সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন প্রায় দুই হাজার মানুষ। সামান্য বৃষ্টি হলেই সড়কটি কাদা-পানিতে একাকার হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। আর টানা বৃষ্টিতে সড়কটি প্রায় অচল হয়ে যাওয়ায় ভোগান্তি চরমে পৌঁছে।

স্থানীয়দের অভিযোগ, আঃ আজিজ মেম্বারের বাড়ি থেকে আবুল ভূঁইয়ার বাড়ি পর্যন্ত সড়কটির দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে এলাকাবাসীকে। গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে স্কুল-কলেজ ও মাদরাসার শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নিয়মিত যাতায়াত করেন।

বর্ষা মৌসুমে সড়কটির দুরবস্থা আরও ভয়াবহ আকার ধারণ করে। সড়কের বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে কাদা ও জলাবদ্ধতা। এতে শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। কৃষকদের কৃষিপণ্য পরিবহনেও দেখা দিচ্ছে নানা সমস্যা। কর্মস্থলে যাতায়াত করতে গিয়ে ভোগান্তিতে পড়ছেন শ্রমজীবী মানুষও।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এই সড়ক ব্যবহার করলেও দীর্ঘদিন ধরে প্রয়োজনীয় সংস্কার বা উন্নয়ন না হওয়ায় সড়কটির অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে। সামান্য বৃষ্টিতেই যেখানে হাঁটা কঠিন হয়ে পড়ে, সেখানে টানা বৃষ্টির সময় সড়কের বিভিন্ন অংশ পানিতে তলিয়ে গিয়ে কার্যত যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার উপক্রম হয়।

২ নম্বর উত্তর আলগী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্থায়ী বাসিন্দা আকবর ভূঁইয়া বলেন, “সড়কটির কারণে আমরা দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছি। দ্রুত সড়কটি পরিদর্শন করে সংস্কারের উদ্যোগ নিতে হাইমচর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। জনপ্রতিনিধিদের কাছ থেকে আমরা দীর্ঘদিন ধরে আশ্বাস শুনে আসছি, কিন্তু এখনো স্থায়ী সমাধান হয়নি।”

এলাকাবাসীর দাবি, প্রায় দুই হাজার মানুষের চলাচলের এই গুরুত্বপূর্ণ সড়কটি দ্রুত সংস্কারের পাশাপাশি টেকসইভাবে উন্নয়ন করা প্রয়োজন। সড়কটি সংস্কার করা হলে শিক্ষার্থী, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকটাই লাঘব হবে এবং স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরে আসবে।

এ বিষয়ে স্থানীয়রা হাইমচর উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন