প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মতলবে সরকারি গাছ কেটে নিয়েছে প্রভাবশালীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ আগস্ট, ২০২৬

চাঁদপুরের মতলব পৌরসভার ৬ নং ওয়ার্ডের জোড়পুল থেকে ৮ নং ওয়ার্ডের ডাকঘর পর্যন্ত রাস্তার দু’ পাশের বড় আকৃতির প্রায় ৩০ টি গাছ প্রভাবশালী হান্নান সরকার, মজনু গাজী ও শাহাদাত হোসেন বাবলু কেটে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

আজ বুধবার (২৬ আগস্ট ২০২৬) দুপুরে গাছগুলো কেটে গাড়ি বোঝাই করে ওই এলাকার প্রভাবশালী হান্নান ও বাবলু নিয়ে গেছে বলে এলাকাবাসী জানিয়েছেন।

সরেজমিন গিয়ে দেখা যায়, কর্তনকৃত প্রতিটি গাছের গোড়া ও ডালাগুলো স্ব-স্ব স্থানে বিদ্যমান রয়েছে। স্থানীয় কয়েকজনের সাথে কথা বললে নাম প্রকাশ না করার শর্তে তারা জানান, এলাকার প্রভাবশালী হান্নান ও বাবলু মিয়া আজ সকালে লোকজন দিয়ে গাছ কাটা শুরু করে। প্রকাশ্যে সামাজিক বনায়নের এই গাছগুলি কেটে দুপুরে গাড়ি বোঝাই করে নিয়ে যায়। তবে কয়েকটি গাছের গুড়ি পড়ে আছে দেখা যায়।”

আমার ক্রয়কৃত গাছ আমি কেটে নিয়ে যাচ্ছি, আবার কারে কি বলবো? ” এলাকাবাসীর প্রশ্নের জবাবে এমন কথাই বলেন বাবলু।

সরকারি গাছ কর্তনকারী সাইফুর রহমান বাবলু বলেন, বন বিভাগ থেকে বনায়নের জন্য নেয়া উত্তর দিঘলদী গ্রামের আঃ হান্নান আমার কাছে গাছগুলো বিক্রি করেছে। আমি গাছগুলো ক্রয় করার পর আজকে কেটে আনার সময় এলাকাবাসীর বাধার সম্মুখিন হলে গাছের গুড়ি ফেলে আসি এবং বাকী গাছগুলো কাটা হয়নি।

উপজেলা বন কর্মকর্তা মো: দেলোয়ার হোসেন বলেন, গাছ কাটার বিষয়ে আমার কাছ থেকে কোন অনুমতি নেয়নি। এ বিষয়ে আমি জানি না।

উপজেলা নির্বাহী কর্মকর্তা কে.এম ইশমাম বলেন, কাটা গাছগুলো জব্দ করা হয়েছে। হান্নানকে আগামীকাল স্ব—শরীরে অফিসে আসতে বলা হয়েছে। বিস্তারিত জেনে ব্যবস্থা নেয়া হবে।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন