প্রিন্ট তারিখ: ২৫ সেপ্টেম্বর, ২০২৬
Chandpur Tribune Logo

মাদকসহ আটক হওয়ার পরও পদে বহাল, সেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ আগস্ট, ২০২৬

মতলব দক্ষিণ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড পশ্চিম বাইশপুরের প্রধানীয়া বাড়ির বাচ্চু প্রধানের ছেলে এবং মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. মাহবুব আলমকে  গত ৭ আগস্ট ২০২৬ তারিখে মতলব উত্তর উপজেলার গাজীপুর এলাকা থেকে ইয়াবাসহ আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছিল বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, যুব সমাজের মাদকবিরোধী অভিযানের সময় গাজীপুর এলাকায় মাহবুব আলমসহ আরও দুইজনকে ইয়াবাসহ আটক করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আইনগত প্রক্রিয়ায় মুক্তি পাওয়ার পর তিনি এলাকায় ফিরে আসেন। তবে মুক্তির পর অল্প সময়ের মধ্যেই তিনি আবারও মাদকসংক্রান্ত কর্মকাণ্ডে জড়িয়ে পড়েছেন-এমন অভিযোগ পাওয়া গেছে।

এ ঘটনায় পশ্চিম বাইশপুরসহ আশপাশের এলাকার বাসিন্দা ও সুধী সমাজের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, মাদকসংক্রান্ত ঘটনায় আটকের পরও মাহবুব আলম এখনো মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন। এ নিয়ে রাজনৈতিক ও সামাজিক মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে।

স্থানীয়দের মতে, মাদকবিরোধী কার্যক্রমে রাজনৈতিক সংগঠনগুলোর কঠোর অবস্থান থাকা প্রয়োজন। বিশেষ করে কোনো নেতার বিরুদ্ধে মাদকসংক্রান্ত অভিযোগ উঠলে বিষয়টি তদন্ত করে সাংগঠনিকভাবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিত।

এ বিষয়ে মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম মিয়াজি বলেন, “ঘটনাটি আমরা তাৎক্ষণিক জানতে পেরে জেলা নেতৃবৃন্দকে অবগত করেছি। তারা এ বিষয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন। মাদক, ইভটিজিংসহ গুরুতর অপরাধগুলোর বিষয়ে দল শক্ত অবস্থানে আছে। এ বিষয়ে দল কাউকে ছাড় দেবে না।”

মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শাহাদাত হোসেন অভি বলেন, “মাদকের বিরুদ্ধে দল জিরো টলারেন্স ঘোষণা করেছে। অপরাধী দলের যেই হোক না কেন, দল এ বিষয়ে কঠোর অবস্থানে। জেলার নেতৃবৃন্দ বিষয়টি অবগত হয়েছেন এবং কার্যকর ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।”

দলীয় নেতাদের বক্তব্যে মাদক ও অন্যান্য গুরুতর অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা বলা হলেও, মাহবুব আলমের বিরুদ্ধে এখন পর্যন্ত কী ধরনের সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে বা হবে, সে বিষয়ে জেলা কিংবা কেন্দ্রীয় পর্যায় থেকে কোনো আনুষ্ঠানিক সিদ্ধান্তের তথ্য পাওয়া যায়নি।

অন্যদিকে, মাহবুব আলমের বিরুদ্ধে পুনরায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার যে অভিযোগ উঠেছে, তার বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা যাচাই এবং এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মামলা, তদন্ত বা পরবর্তী পদক্ষেপ কি সেটিও ভাবিয়ে তুলেছে এলাকাবাসী এবং সুধীজনকে।

এলাকাবাসীর দাবি, মাদকবিরোধী কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি অভিযোগের সুষ্ঠু তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তি যে সংগঠনেরই হোক না কেন, আইনগত ও সাংগঠনিকভাবে যথাযথ ব্যবস্থা নেওয়া হোক।

চিফ এডিটর: জাহাঙ্গীর আলম হৃদয়
সম্পাদক: মোঃ মজিবুর রহমান পাটোয়ারী
আইন উপদেষ্টা: অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী
সহকারী সম্পাদক: মোঃ সিদ্দিকুর রহমান (নয়ন)
বার্তা সম্পাদক: রাফিয়া নুসরাত নিদি
যোগাযোগ: +৮৮ ০১৮১৭-৭৫০৯১০, [email protected]
অনলাইন সংস্করণ: chandpurtribune.com | © ২০২৬ চাঁদপুর ট্রিবউন